কাতারে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচের আগে সৌদিতে প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু কোয়ারেন্টিন জটিলতায় ঘরোয়া ক্লাবের সঙ্গেই সেই ম্যাচ খেলতে হয়েছে। সেখানে প্রিমিয়ার লিগের অন্যতম দল শেখ জামালের সঙ্গে পিছিয়ে থেকে ২-২ গোলে ড্র করেছে জামাল ভূঁইয়ারা। ম্যাচ শেষে শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিকের মনে হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস আরও বাড়াতে হবে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথমার্ধে বাংলাদেশ দল ১-০ গোলে পিছিয়ে ছিল। কয়েক দিনের প্রস্তুতি নিয়ে শেখ জামাল ব্যবধান দ্বিগুণ করে নেয় দ্বিতীয়ার্ধের শুরুতেও। তবে জামাল ভূঁইয়ারা পিছিয়ে থেকেও একপর্যায়ে সমতা ফেরায় ম্যাচে।এই ম্যাচ দেখে শেখ জামালের কোচ শফিকুল ইসলাম মানিকের মূল্যায়ন, ‘ম্যাচটি উপভোগ্য হয়েছে। তবে জাতীয় দলের খেলোয়াড়দের আত্মাবিশ্বাস আরও একটু বাড়ানো উচিত। পরিচিত মুখদের সঙ্গে খেলাতে আত্মবিশ্বাস আরও ভালো থাকলে সুবিধা হতো। তখন ওখানে (কাতারে) গিয়ে অপরিচিত দলের সঙ্গে আত্মবিশ্বাস পাওয়ার সুযোগ থাকে। আমার কাছে মনে হয়েছে, জাতীয় দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাস কম ছিল।’
তবে জাতীয় দলের প্রশংসাও করেছেন এই সাবেক ফুটবলার, ‘আমরা যখন ২-০ গোলে এগিয়ে ছিলাম। তখন সবাইকে খেলিয়েছি।তাদেরকে ছোট করে বলছি না, যখন খেলোয়াড় বদল করছিলাম; তখনই তাদের আত্মবিশ্বাস ভালো ছিল। এফোর্ট দিতে পেরেছে। এটা ভালো দিক।’
জাতীয় দলের কোচ জেমি ডে অবশ্য প্রস্তুতি ম্যাচ খেলতে পেরেই খুশি। এতোদিন অনুশীলনে যা কিছু শিখিয়েছেন, তা ম্যাচে দেখার চেষ্টা করেছেন এই ইংলিশ কোচ। ম্যাচ শেষে বলেছেন, ‘আমি ম্যাচ খেলে সন্তুষ্ট । বিশেষ করে দ্বিতীয়ার্ধে দল ভালো খেলেছে। এমন ম্যাচ খেলার দরকার ছিল। এর জন্য শেখ জামালকে ধন্যবাদ দিতে হয়। তবে আমাদের আরও কাজ করতে হবে।’
জাতীয় দলের খেলোয়াড় তপু বর্মণও কোচের মতো একই সুরে কথা বলেছেন, ‘এরকম একটা ম্যাচ আমাদের দরকার ছিল। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়েছে, আমরা ভালো খেলছি। তবে ভুল তো থাকবেই। কোচ বুঝতে পারবে কোথায় কোথায় সমস্যা আছে।’