ইব্রাহিম কাতারে যেতে পারলেও সুফিলকে নিয়ে অনিশ্চয়তা

বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই ফুটবলের ম্যাচ খেলতে কাতার পৌঁছে গেছে বাংলাদেশ। তিনটি ম্যাচ সামনে রেখে কোচ জেমি ডে দুই সপ্তাহ ধরে প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। সেই দলের সঙ্গে যোগ দিতে উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম আজ সোমবার সকালে ঢাকা ছেড়েছেন। তবে আরেক ফরোয়ার্ড মাহবুবুর রহমান সুফিলের যাওয়াটা অনিশ্চিত হয়ে পড়েছে!

মূলত এই দুই ফরোয়ার্ডই করোনায় আক্রান্ত ছিলেন। যে কারণে দলের সঙ্গে আগে যেতে পারেননি। অবশেষে ইব্রাহিম করোনা নেগেটিভ হয়ে কাতারের জন্যে ঢাকা ছাড়লেও সুফিল এখনও পজিটিভ।

তার পরেও আশা ছাড়েননি সুফিল। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমি এখনও করোনা নেগেটিভ হইনি। তবে আমার সেভাবে কোন লক্ষণ নেই। আশা করছি, প্রথম ম্যাচের পর হয়তো দলের সঙ্গে যোগ দিতে পারবো। তবে এই মুহূর্তে দলের সঙ্গে যোগ দিতে না পেরে অনেক খারাপ লাগছে।’

প্রসঙ্গত, কাতারে শুরুতে ৩ জুন আফগানিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ, ৭ জুন ভারত ও ১৫ জুন তারা ওমানের বিপক্ষে খেলবে।