যশোরে বঙ্গবন্ধু গোল্ড কাপের সংবাদ সংগ্রহ করতে আসা সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন সাংবাদিকরা। যশোরে সাংবাদিকদের সঙ্গে বাফুফের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, জেলা প্রশাসনের সমঝোতা বৈঠকে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
এর আগে শুক্রবার রাতে বঙ্গবন্ধুর সৈনিক লীগের শহর সেক্রেটারি আব্দুর রহমান কাকনের নেতৃত্বে ১৪-১৫ জনের একদল দুর্বৃত্ত চ্যানেল ২৪'এর ক্যামেরা পারসন রিপনে ওপর হামলা চালায়। এ সময় আহত হন রিপন ও গাড়িচালক আলাউদ্দিন। তাদের বাঁচাতে এসে আহত হন যশোর প্রেসক্লাব সেক্রেটারি ও সমকালের স্টাফ রিপোর্টার তৌহিদুর রহমান, ৭১ টিভির এসএম ফরহাদ, মাছরাঙার রাহুল রায়সহ কয়েকজন। এ ঘটনার প্রতিবাদে সাংবাদিকরা শহরে তাৎক্ষণিক মিছিল-সমাবেশ করে। এছাড়া তারা টুর্নামেন্টের আজকের খেলা বয়কটের ঘোষণা দেন।
এরই প্রেক্ষিতে শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে বৈঠকে বসেন বাফুফে সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা। বৈঠকে বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ বলেন, ‘শুক্রবার রাতের ঘটনাটি অপ্রত্যাশিত। ঢাকা থেকে যারা এসেছেন, তারা আমাদের মেহমান। তাদের প্রতি যে আচরণ করা হয়েছে সে জন্যে আমি যশোরবাসীর পক্ষে লজ্জিত।’
তিনি বলেন, যারা এই ঘটনা ঘটিয়েছে তাদের কোনও রাজনৈতিক পরিচয় নেই। তারা সন্ত্রাসী। সুন্দর ফুটবল খেলার স্বার্থে, যশোরে এমন একটি বড় আয়োজনের স্বার্থে সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন তিনি। সভায় জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর ও এসপি আনিসুর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ হামলাকারী সন্ত্রাসী আব্দুর রহমান কাকনকে আটক করে। অন্যদেরও শিগগির আটক করা হবে।
ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তাৎক্ষনিক ব্যবস্থা গ্রহণ ও বাফুফের সহ-সভাপতির কার্যকরী পদক্ষেপের কারণে সাংবাদিকরা টুর্নামেন্ট বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার করছেন বলে জানান প্রেসক্লাব সভাপতি জাহিদ হাসান টুকুন। বৈঠকের আগে সকালে সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রিপন হোসেন ও আলাউদ্দিনকে দেখতে যান।
/এমআর/