ভারত ম্যাচের আগে বাংলাদেশ দলে বড় ধাক্কা

আফগানিস্তানের সঙ্গে ড্র করার পর বাংলাদেশ দল প্রস্তুতি নিচ্ছে ৭ জুনের ভারত ম্যাচের। কিন্তু তার আগে এলো দুঃসংবাদ। মিডফিল্ডার সোহেল রানা চোটে ছিটকে গেছেন। শুধু ভারত ম্যাচ নয়, ওমানের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচও খেলতে পারবেন না আবাহনী মিডফিল্ডার।

বৃহস্পতিবার কাতারের দোহাতে জসিম বিন হামাদ স্টেডিয়ামে আফগানিস্তান ম্যাচে বাঁ হাতে ব্যথা পান সোহেল রান। একপর্যায়ে মাঠ ছেড়ে উঠে যেতে হয় তাকে। ম্যাচ শেষে হাসপাতালে তার এক্সরে ও এমআরআই করা হয়। রিপোর্টে তার হাতে চিড় ধরা পড়েছে।

সোহেল রানার ছিটকে যাওয়া দলের জন্য বড় ক্ষতি হিসেবে দেখছেন প্রধান কোচ জেমি ডে, ‘সোহেল রানা চোটের কারণে আর খেলতে পারবে না। এটা আমাদের জন্য দুঃসংবাদ। এখন তার জায়গায় অন্য কাউকে সুযোগ দিতে হবে।’