নেইমার-দি মারিয়ার সঙ্গে ছবি, ব্যাখ্যায় মেসি যা বললেন

বার্সেলোনার সঙ্গে তার সম্পর্কটা ২১ বছরের। অপ্রত্যাশিতভাবে সেই সম্পর্কের ইতি ঘটেছে। বার্সা থেকে বিদায় নিচ্ছেন লিওনেল মেসি। হঠাৎ এমন খবরে সমর্থকদের মন স্বাভাবিকভাবেই খুব বিষন্ন। এমন পরিস্থিতিতে আরেকটি প্রশ্নও ঘুরে ফিরে আসছে। নতুন ঠিকানা কোথায় হতে যাচ্ছে মেসির? এরই মধ্যে নেইমার-দি মারিয়াদের একটি গ্রুপ ছবি ভার্চুয়াল দুনিয়াতে ঘুরপাক খাচ্ছে। অনেকে ধরেই নিয়েছেন মেসির নতুন ঠিকানা প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)। সেই ছবিটি দেখে অনেকে তা বিশ্বাসও করে নিচ্ছেন। যদিও ক্লাবটির সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু হয়নি। কথা এগিয়ে চলেছে। ঠিক এমন পরিস্থিতিতেই সংবাদ সম্মেলনে ছবির বিষয়ে মুখ খুলেছেন মেসি। 

বিদায়ী সংবাদ সম্মেলনে পুরো বিষয়টি পরিষ্কার করেছেন বার্সার প্রাণভোমরা। নেইমার-দি মারিয়াদের সঙ্গে তোলা ছবিটি কোপা আমেরিকারার সময়ে ইবিজাতে তোলা বলে দাবি করেছেন ৬ বারের ব্যালন ডি অ’র জয়ী। বলেছেন, ‘এখানে অন্য কিছু ভাববার অবকাশ নেই। এটা বার্সেলোনার সঙ্গে সম্পর্কচ্ছেদের আগের ছবি। আমরা সবাই নেইমারের বাসায় বার্বিকিউয়ের আয়োজন করেছিলাম। ছবিটা সেখানেই তোলা হয়েছে।’

এরপরই এই তারকা যোগ করে বলেছেন, ‘ওরা বেশ মজা করছিল। বলছিল, আমাকে পিএসজিতে চলে আসতে। তবে এটা শুধু একটা ছবি-ই। এখানে আলাদা করে কিছু নেই। এর পেছনে কোনও গল্প নেই। বিস্ময়েরও কিছু নেই।’