মেসির পিএসজিতে যাওয়া নিশ্চিত, শুধু ঘোষণা বাকি!

লিওনেল মেসির পরবর্তী ঠিকানা যে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি), সেটি স্পষ্ট হয়ে গেলো আরও। তার সঙ্গে সবধরনের আলোচনা সেরে রেখেছে ফরাসি এই ক্লাব। এমন তথ্য জানাচ্ছে ইএসপিএন। এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণাই বাকি। 

ইএসপিএন আরও জানিয়েছে, আর কয়েক ঘণ্টার মধ্যেই বার্সেলোনার সাবেক এই ফরোয়ার্ড ব্যক্তিগত বিমানে প্যারিসে পৌঁছাবেন। সেখানে তার চুক্তিটা হতে যাচ্ছে দুই বছরের। প্রয়োজনে আরও এক বছর বাড়ানোর অপশনও রাখা হয়েছে। 

মেসির পিএসজিতে যাওয়া নিয়ে বিবিসির সাংবাদিক ব্যালাগ বলেছেন,‘সবকিছু ঠিক হয়ে আছে। মেসি পিএসজিতে যাচ্ছে।’ বলা হচ্ছে, কয়েক দিনের মধ্যেই মেডিক্যাল পরীক্ষা হবে মেসির। এর পরেই আনুষ্ঠানিকভাবে তাকে পরিচয় করিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, বার্সেলোনার জার্সিতে ২১ বছরে ৩৫টি শিরোপা জেতা মেসির এবারও বার্সায় চুক্তি হওয়ার কথা ছিল। কিন্তু আর্থিক বেড়াজালে আটকে শেষ পর্যন্ত সেটি সম্পন্ন হয়নি।