মেসি না গেলেও পিএসজিতে যেতেন না রোনালদো!

গুঞ্জনটা নতুন নয়। ইতালিতে হতাশাজনক মৌসুম কাটানোয় একটা পরিবর্তন চাচ্ছিলেন ক্রিস্তিয়ানো রোনালদো।  জুভেন্টাস থেকে তার প্রতি যেসব ক্লাব আগ্রহ দেখাচ্ছিল, সেখানে পিএসজির নামটিও ছিল। আকস্মিকভাবে সেই ক্লাবটিতেই চুক্তিবদ্ধ হয়েছেন তার চির প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি। এমন পরিস্থিতিতে কী ভাবছেন পর্তুগিজ তারকা? জুভেন্টাস সতীর্থ লিওনার্দো বুনোচ্চি বলছেন, মেসি পিএসজিতে না গেলেও ফরাসি ক্লাবটিতে যেতেন না পর্তুগিজ ফরোয়ার্ড। 

এক সাক্ষাৎকারে বুনোচ্চি বলেছেন, ‘আমার যতটুকু ধারনা মেসি পিএসজিতে না গেলেও রোনালাদো জুভেন্টাসেই থাকতো। কারণ আমাদের দলে ওর থাকা মানে সেটি দলের মান আরও বাড়িয়ে দেয়। আমি নিশ্চিত এই বছর সে আমাদের লক্ষ্য অর্জনে অতীতের চেয়েও বেশি সহায়তা করতে চাইবে।’

একটা সময় লা লিগা জমে উঠেছিল রোনালদো-মেসির প্রতিদ্বন্দ্বিতার কল্যাণেই। কিন্তু রোনালদো ইতালিয়ান লিগে চলে আসার পর কাঙ্ক্ষিত সেই ঝাঁজটা আর পাওয়া যায়নি। এবার মেসি নিজেই স্প্যানিশ লিগ ছেড়ে চলে গেলেন ফরাসি লিগ ওয়ানে। সেখানে তার চুক্তিটা হয়েছে দুই বছরের।