সাফের আগে কিরগিজস্তান-ফিলিস্তিনের বিপক্ষে খেলবে বাংলাদেশ

ফিফা উইন্ডোগুলো কাজে লাগানোর চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। রেখেছে একের পর এক সূচি। বিশেষ করে সাফ ফুটবলের আগে প্রস্তুতি সেরে রাখতেই এই আয়োজন। যার ফলশ্রুতিতে আগামী ৩০ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে বাংলাদেশ তিনটি প্রীতি ম্যাচ খেলতে যাচ্ছে। প্রতিপক্ষ কিরগিজস্তান ও ফিলিস্তিন।

কিরগিজদের মাঠে ৫ সেপ্টেম্বর হবে প্রথম ম্যাচ। প্রতিপক্ষ ফিলিস্তিন। ৭ সেপ্টেম্বর স্বাগতিকদের বিপক্ষে লড়বে জামাল-সাদরা। আর ৯ সেপ্টেম্বর কিরগিজদের অনূর্ধ্ব-২৩ দলের বিপক্ষে হবে লড়াই। সেখান থেকে ফিরে প্রিমিয়ার লিগে বাকি তিনটি ম্যাচ খেলবে বসুন্ধরা কিংস। তারপর ১৭ কিংবা ১৮ সেপ্টেম্বর থেকে জাতীয় দলের সাফের প্রস্তুতি শুরু হবে। ১০ দিনের ক্যাম্প শেষে ২৭ বা ২৮ সেপ্টেম্বর দল যাবে মালদ্বীপে।

জাতীয় টিমস কমিটির ভার্চুয়াল সভায় এমন সিদ্ধান্তই হয়েছে। কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সামনে বেশ কয়েকটি ফিফা উইন্ডো আছে। আমরা সবকটি কাজে লাগাতে চাইছি। কিরগিস্তানে গিয়ে তিনটি ম্যাচ খেলবো। আগামী রবি-সোমবারের মধ্যে এই ম্যাচগুলোর ব্যাপারে ফিফা স্বীকৃতি পাওয়া যাবে।সাফের আগে খেলাগুলো প্রস্তুতি হিসেবে হবে।’

এ সময় মালদ্বীপে হতে যাওয়া সাফে ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন এই সংগঠক, ‘রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে খেলা হবে। বিগত সাফে আমরা অনেক প্রস্তুতি ও পরিকল্পনা নিয়েও আশানুরূপ ভালো করতে পারিনি। এই ফরম্যাটে আমরা সবার সঙ্গেই খেলবো। পাশাপাশি টুর্নামেন্টের আগে তিনটি শক্তিশালী দলের সঙ্গে খেলবো। ফলে এই টুর্নামেন্টে আমরা ভালো কিছু আশা করছি।’

সাফ ফুটবল থেকে ফিরে এএফসি অনুর্ধ্ব-২৩ দলের বাছাইপর্বেও অংশ নেবে বাংলাদেশ। কুয়েতে গ্রুপ পর্বে স্বাগতিক দল ছাড়াও সৌদি আরব, উজবেকিস্তান খেলবে। এছাড়া নভেম্বরেও ফিফা উইন্ডোতে ঢাকায় দুটি ম্যাচ খেলতে চায় বাংলাদেশ। মঙ্গোলিয়া ও নেপাল হতে পারে সম্ভাব্য প্রতিপক্ষ।