লন্ডনে ছুটি কাটিয়ে জেমি ডে এখন ঢাকায়। কোয়ারেন্টিন পর্ব সেরে সোমবার দেখা করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিনের সঙ্গে। সেখানে জাতীয় দলের আগামী দিনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সভা শেষে সংবাদমাধ্যমের কাছে বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ফলটাই চান বলে মনে করিয়ে দিলেন ইংলিশ কোচ।
সামনে ফিফা প্রীতি ম্যাচ ও সাফ ফুটবল রয়েছে। ডে বলেছেন 'অবশ্যই আমরা সবাই জয় চাই এবং বাংলাদেশের জন্য সবচেয়ে ভালো ফলটাই চাই। এর জন্য বিকল্পগুলো দেখছি, কোথায় উন্নতি করা যায়, কীভাবে খেলোয়াড়দের সাহায্য করা যায়, তুলনামূলক ভালো দলের বিপক্ষে কীভাবে ওদের পারফরম্যান্সের উন্নতি করা যায়। এটা একটা ভালো মিটিং ছিল। এখানে সব বিষয়ই এসেছে। আমার কাজ হলো ঠিক পথে রাখা এবং সাফে ভালো করা। '
আসছে জাতীয় দলে তেমন পরিবর্তন হবে না বলে ডে অকপটে বলে গেলেন 'আমার এখানে থাকা গত তিন বছরে দেখছি, প্রতিটি দলে সেই একই খেলোয়াড় খেলছে। আমরা আসলেই নতুন ১০/১২ জন খেলোয়াড় যোগ করতে পারিনি। এখানে এমন কয়েক জন খেলোয়াড় আসতে পারে যাদের আগে আমরা বাছাই করিনি। বাংলাদেশের বাইরে অনুশীলন করছে এমন কিছু খেলোয়াড়ও হয়ত আসতে পারে। যদিও কোভিড পরিস্থিতিতে এটা বেশ কঠিন। তবে বড় ধরনের পরিবর্তন হবে না। দুয়েকটা জায়গায় পরিবর্তন হতে পারে।'
আসছে প্রীতি ম্যাচ নিয়ে ডের মূল্যায়ন 'কিরগিজস্তান, ফিলিস্তিনের বিপক্ষে খেলা কঠিন হবে। ওদের র্যাংকিং ভালো। প্রস্তুতির দিক থেকে এটা আমাদের জন্য ভালো চ্যালেঞ্জ ও পরীক্ষা হবে। সত্যি কথা হল, বাস্তবিক অবস্থান থেকে আমরা এই সব ম্যাচ জেতার আশা করতে পারি না কিন্তু আমি ভালো পারফরম্যান্স চাই। আমরা হয়তো ভিন্ন পদ্ধতি ও ট্যাকটিস নিয়ে চেষ্টা করতে পারি। ভালো দলের বিপক্ষে খেলে এই পদ্ধতিতে আমরা সাফেও হয়তো ব্যবহার করতে পারবো। ছেলেদের ভালো পরীক্ষা হবে।'