বাংলাদেশের নাগরিকত্ব পেয়েছেন এলিটা কিংসলে। অপেক্ষায় আছেন লাল-সবুজ জার্সি পরে মাঠ মাতাবেন। জাতীয় দলের কোচ জেমি ডেও পর্যবেক্ষণে রেখেছেন নাইজেরিয়ান বংশোদ্ভূত এই স্ট্রাইকারকে। তবে বাংলাদেশ দলে সুযোগ পেতে কিংসলেকে আরও ফিট হওয়ার পরামর্শ দিয়েছেন ডে।
ফিফা প্রীতি ম্যাচকে সামনে রেখে কিংসলেকে ভাবনায় রেখেছেন ইংলিশ কোচ, ‘কিংসলে পাসপোর্ট পেয়েছে। কিন্তু আমি যত দূর বুঝতে পারছি সে এখনও এএফসির ছাড়পত্র পায়নি। বাংলাদেশের হয়ে খেলতে হলে যেটা তার পেতে হবে। আগামী দুই সপ্তাহের মধ্যে পাবে কি না এই প্রশ্নের উত্তর আমি দিতে পারব না। তবে যদি সে অ্যাভেইলেবল হয় তাহলে সে অবশ্যই অপশন।’
এরপরই এই কোচ যোগ করেছেন ‘কিংসলে দীর্ঘকায়, আমি মনে করি, ওর আরেকটু বেশি ফিট হওয়া দরকার। সে আমাদের ফরোয়ার্ড লাইনকে উন্নত করবে, স্কোরিংয়ের সম্ভাবনা বাড়াবে। আমরা এই দিকটা দেখব। যদি আমি কাউকে নির্বাচিত করি তাকে আমাদের খেলার ধরণের সঙ্গে মানিয়ে নিতে হবে। যদি সে সেটা পারে, আমার কোনও সমস্যা নেই। আমার মনে হয়, সে বাংলাদেশের হয়ে খেলার জন্য যথেষ্ট ভালো।’