৫০তম ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়লেন শন লেন

ইংল্যান্ডের বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কোচ শন লেনের অধীনে ৫০ তম ম্যাচ খেলতে নেমেছিল মোহামেডান। কিন্তু মাইলফলকের ম্যাচে হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে জিততে পারেনি সাদা-কালোরা। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই দলের ম্যাচটি ড্র হয়েছে ২-২ গোলে।

২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে চট্টগ্রাম আবাহনী। মোহামেডান ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে আছে পঞ্চম স্থানে।

চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় ৬ মিনিটেই। ডান দিক থেকে রাকিব হোসেনের ফ্রি কিকে চার্লস দিদিয়ের হেডে লক্ষ্যভেদ করেন। মোহামেডানও সমতা ফেরায় ২২ মিনিটে। শাহেদ হোসেনের কর্নারে জাফর ইকবাল হেড করে জাল খুঁজে নেন। তাতে অবশ্য লাভ হয়নি তাদের। ৩ মিনিট পর চট্টগ্রাম আবাহনী এগিয়ে যায় আবারও। দিদিয়েরের পাসে চিনেদু ম্যাথিউ জাল কাঁপান। তবে ৫৯ মিনিটে শন লেনের দল সমতা ফেরায় শেষবারের মতো। আমির হাকিম বাপ্পীর শট জালে জড়ালে স্কোর দাঁড়ায় ২-২।