এএফসি কাপে গ্রুপসেরা হয়ে জোনাল সেমিফাইনালে খেলেছে আবাহনী লিমিটেড। এবার বসুন্ধরা কিংসের সামনে নকআউট পর্বে খেলার হাতছানি। আগামীকাল (মঙ্গলবার) ভারতের এটিকে মোহনবাগানকে হারাতে পারলেই আবাহনীর পর দ্বিতীয় দল হিসেবে জোনাল সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে অস্কার ব্রুজনের দল।
মালদ্বীপের রাজধানী মালের জাতীয় স্টেডিয়ামে বিকাল ৫টার ম্যাচটি যদিও বসুন্ধরা কিংসের জন্য সহজ হবে না। ‘ডি’ গ্রুপে দুই ম্যাচ জিতে মোহনবাগান ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান ম্যাচে বসুন্ধরার ৪ পয়েন্ট। শেষ ম্যাচে গ্রুপসেরা হতে মোহনবাগানের দরকার ড্র। আর বসুন্ধরাকে জিততেই হবে।
গ্রুপের অন্য দুই দল মালদ্বীপের মাজিয়া স্পোর্টস এন্ড রিক্রিয়েশন ক্লাব ও ভারতের বেঙ্গালুরু এফসি আগেই বিদায় নিয়েছে। তবে তাদের কাতারে থাকতে চাইছেন না বসুন্ধরার স্প্যানিশ কোচ অস্কার ব্রুজন। আজ (সোমবার) সংবাদ সম্মেলনে আত্মবিশ্বাসী কণ্ঠে বলেছেন, ‘আমরা প্রতিপক্ষের জন্য অপেক্ষায় আছি। আমি নিশ্চিত যে এই ম্যাচে আমরা সুযোগ পাবো এবং ৩ পয়েন্ট নিয়ে ফাইনাল পর্বে জায়গা করে নিতে পারবো।’
এএফসি কাপে কোনও ম্যাচ হারেনি বসুন্ধরা। ক্লিনশিট রেখেছে। এমন দল নিয়ে ব্রুজন বেশ আশাবাদী, ‘এই মৌসুমে মাত্র একটি ম্যাচ হেরেছি। তাহলে বুঝে নিন আমাদের দলের আত্মবিশ্বাস কোন পর্যায়ে আছে। এএফসি কাপে কোনও গোল হজম করিনি। এখন আমাদের মানসিকতাকে আরও ওপরের দিকে নিয়ে যেতে হবে।’
প্রতিপক্ষ মোহনবাগানের প্রশংসা করে স্প্যানিশ কোচ বলেছেন, ‘আমরা মোহনবাগানকে শ্রদ্ধা করি। দলটি ঐতিহাসিক। তারাও আত্মবিশ্বাসী ভালো ফলের জন্য। কিছুটা এগিয়েও থাকবে। তবে আমাদের জিততে হলে আরও ভালো খেলতে হবে।’
মোহনবাগানের কোচও স্প্যানিশ। আন্তিও হাবাস। যার রয়েছে বিস্তর অভিজ্ঞতা। এছাড়া এই দলটিতে রয় কৃষ্ণাসহ একাধিক ভালো খেলোয়াড় রয়েছেন। যারা যেকোনও সময় ম্যাচের গতি-প্রকৃতি পরিবর্তন করে দিতে পারেন।
তাই দুই বাংলার দুই দলের লড়াই উপভোগ্য না হয়েই পারে না!