জুভেন্টাসের রোনালদো-পরবর্তী অধ্যায়টা কেমন হতে পারে তার ঝলক দেখা গেলো সিরি আ’য়। নবাগত এম্পোলির কাছে ১-০ গোলে হেরেছে ইতালিয়ান জায়ান্টরা।
রোনালদোর অনুপস্থিতিটা ভালোই প্রভাব ফেলেছে দলটির আক্রমণভাগে। প্রথমার্ধে ফেদেরিকো চেইসার কিছু ক্ষিপ্র গতির শট ছাড়া স্বাগতিকরা ত্রাস ছড়াতে পারেনি। বরং তাদের স্তব্ধ করে দিয়ে ২১ মিনিটে লিড নিয়ে নিয়েছে এম্পোলি। গোলটি করেছেন লিওনার্দো মানকুসো।
ধার বাড়াতে বিরতির পর কোচ অ্যালেগ্রি মাঠে নামিয়েছিলেন মোরাতা, কুলুসেভস্কি ও নিউ সাইনিং লোকোতেল্লিকে। অথচ মাঠে এতসব বারুদ মজুদ থাকার পরেও জুভেন্টাস বিস্ফোরক কিছু করে দেখাতে পেরেছে কমই!
কিন্তু শুরুতে প্রত্যাশা ছিল জুভেন্টাস চেপে ধরতে পারবে নবাগত দলটিকে। চেইসা শুরুর দিকে চেষ্টাও করেছিলেন। কিন্তু দুর্দান্ত সেই প্রচেষ্টা দারুণভাবে রুখে সেভ করেছেন এম্পোলি গোলকিপার ভিকারিও।
এর ফলে জুভেন্টাসের তৃতীয়বারের মতো এমন হলো যে মৌসুমের শুরুতে দুটি ম্যাচে জয়ের দেখা তারা পেলো না। আর এম্পোলি জুভেন্টাসকে হারিয়ে দেখা পেলো লিগের প্রথম জয়ের।
ম্যাচের পর রোনালদো প্রসঙ্গ এলে জুভেন্টাস কোচ অ্যালেগ্রি স্বীকার করলেন ঠিকই, পর্তুগিজ যুবরাজ গোল করাতে ভীষণ পারদর্শী। কিন্তু সে চলে যাওয়ায়, সেসব নিয়ে বসে থাকলে হবে না, ‘রোনালদো্ এখানে তিন বছর ছিল। গোল করেছে, যেটাতে সে ভীষণ পারদর্শী। অবশ্যই সে অসাধারণ একজন খেলোয়াড়। কিন্তু এই মুহূর্তে ওর কথা ভেবে বসে থাকলে হবে না।’