চলমান পথে ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ স্থগিত হলেও সমালোচনা থেমে নেই। যে চার আর্জেন্টাইন খেলোয়াড়কে নিয়ে ঘটনার সূত্রপাত। তাদের একজন গোলকিপার এমি মার্তিনেজ। তিনি অবশ্য দাবি করেছেন, রাজনৈতিক কারণে এমনটা করেছে ব্রাজিল!
বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটিতে তখন সাত মিনিট চলছিল। মাঠে হঠাতই প্রবেশ করেন ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের কর্তকর্তারা। তারা জানান, কোয়ারেন্টিনজনিত নীতি ভেঙে ব্রাজিলে এসেছেন চার আর্জেন্টাইন ফুটবলার। এরা হলেন- এমি মার্তিনেজ, ক্রিস্তিয়ান রোমেরো, লো সেলসো ও বুয়েন্দিয়া। তিনজন আবার একাদশেও ছিলেন। তাদের নিয়ে ঝামেলার এক পর্যায়ে পরিস্থিতি এমনও দাঁড়ায় যে গ্রেফতার হতে পারতেন ওই চার ফুটবলার। ম্যাচটি শেষ পর্যন্ত স্থগিত তো হয়ই, ওই চার ফুটবলারসহ দ্রুতই ব্রাজিল ত্যাগ করে আর্জেন্টিনা।
ওই ম্যাচের পরিস্থিতি নিয়ে এমি মার্তিনেজ অভিযোগের সুরে বলেছেন, ‘আমরা জয়ের জন্য পুরো প্রস্তুতি নিয়ে এসেছিলাম। কিন্তু শুধু মাত্র রাজনৈতিক কারণে কী যে হলো, ম্যাচটা বাতিল হয়ে গেলো। আমাদেরও চলে যেতে হলো।’
করোনাকালে যুক্তরাজ্য ব্রাজিলের কাছে লাল তালিকাভুক্ত দেশ। ফলে ইংল্যান্ডে থাকা কেউ ব্রাজিলে এলে ১৪ দিন কোয়ারেন্টিন পালনের নিয়ম। প্রিমিয়ার লিগের ওই চার খেলোয়াড়কেই এই দায়ে অভিযুক্ত করা হয়। কিন্তু মার্তিনেজ বললেন, ‘গুঞ্জন ছিল যারা প্রিমিয়ার লিগ খেলে এসেছে তাদের ওরা খেলতে দেবে না। কিন্তু আমরা ব্রাজিলে নামার পরই ওরা আমাদের সতর্ক করতে পারতো। কিন্তু ম্যাচ স্থগিতের মতো কোন ঝামেলাও করিনি আমরা। এটা খুবই সাধারণ বিষয় ওরা আমাদের আগে সতর্ক করে দিতে পারতো।’
যা হয়েছে তাকে লজ্জার অ্যাখ্যা দিয়ে মার্তিনেজ অবশ্য দাবি করলেন, ম্যাচটা তারা জেতার মতো আত্মবিশ্বাসী ছিলেন, ‘এটা লজ্জার। কারণ আমরা ম্যাচটা জিততে পারতাম, আত্মবিশ্বাসীও ছিলাম। তাই ম্যাচ শুরু হবে এই আশায় আরও আধা ঘণ্টা অপেক্ষা করেছিলাম। কিন্তু ৩০ মিনিট পর ওরা বললো আমাদের চলে যেতে হবে।’