বাংলাদেশের খেলা দেখতে মালদ্বীপে সাজ সাজ রব

মালদ্বীপ এই প্রথম এককভাবে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে। এরই মধ্যে দলগুলো আসা শুরু করেছে দেশটিতে। বাংলাদেশ দল মঙ্গলবার পৌঁছে গেছে। জামাল ভূঁইয়াদের মালেতে আগমন নিয়ে সেখানে বাংলাদেশিদের মধ্যে সাজ সাজ রব। প্রায় এক লাখ প্রবাসী আছে ছোট্ট দ্বীপ দেশে। সাফে নিজ দেশের খেলা দেখার জন্য মুখিয়ে আছেন অনেকেই।

আগামী শনিবার সাফে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ শ্রীলঙ্কা। মালে জাতীয় স্টেডিয়ামে পাঁচ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। তবে সবারই ডাবল ডোজ টিকা নেওয়া থাকতে হবে। প্রথম ম্যাচেই নিজ দলকে উৎসাহ দিতে মাঠে যাবেন প্রবাসীরা।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) দেওয়া ভিডিও বার্তায় প্রবাসী এক কর্মী আল আমিন বলেছেন, ‘সাফ ফুটবল খেলতে বাংলাদেশ দল এখানে (মালদ্বীপ) এসেছে। আমরা প্রবাসীরা সবাই খুশি। দলের খেলা দেখতে আমরা মাঠে যাবো। এরই মধ্যে টিকিট বুথে সবাই ভিড় করছে। এটা অনেক আনন্দের যে দেশের খেলা এখানে দেখতে পাবো। খেলা দেখতে হলে করোনার টিকা নিতে হবে। বেশিরভাগই ডাবল ডোজ নিয়েছে। আশা করছি দল ভালো করবে।’

সাফ চ্যাম্পিয়নশিপ সামনে রেখে বাংলাদেশ আজ (বুধবার) বিকালে মালের হেনভেইরু ট্রেনিং মাঠে প্রথম অনুশীলন করেছে। অনুশীলন শেষে ডিফেন্ডার কাজী তারিক রায়হান বলেছেন, ‘আমরা প্রথম অনুশীলন করেছি এখানে। দলের সবাই উজ্জীবিত আছে। প্রথম ম্যাচে মাঠে নামার জন্য অপেক্ষায় আছি।’