সাফ চ্যাম্পিয়নশিপ এলেই শিরোপা স্বপ্ন দেখতে থাকে বাংলাদেশ। ২০০৩ সালে সেই যে একবার ট্রফি জেতা হয়েছে। এরপর ক্রমশ দূরত্ব বেড়েছে। সেই জয়ের স্মৃতিও মলিন হয়েছে। গত চারবার তো গ্রুপ পর্বের বাধাই পেরোনো যায়নি! আজ (শুক্রবার) থেকে আরেকটি সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। এবারও স্বপ্নের ডালপালা মেলে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন জামাল ভূঁইয়াদের। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাবলীল পারফরম্যান্সে জয় দিয়ে সাফ শুরুর আশা। মালে জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি স্পোর্টস।
এবার পাঁচ দেশ অংশ নেওয়ায় গ্রুপ পর্ব নেই। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে সবাই খেলবে। শীর্ষ পয়েন্টধারী দুই দেশ মুখোমুখি হবে ট্রফির।
ফিফা র্যাঙ্কিংয়ে এই একমাত্র শ্রীলঙ্কাই আছে বাংলাদেশের নিচে। তবে থাকলে কী হবে, দলটিতে আছে একাধিক প্রবাসী ফুটবলার। এর মধ্যে একজনকে ঘিরে আলোচনা একটু বেশি। ডিলন ডি সিলভা। ইংল্যান্ডের কুইন্স পার্ক রেঞ্জার্সের অনূর্ধ্ব-২৩ দলে খেলেন। সেই ১৯ বছর বয়সী উইঙ্গার সম্পর্কে বাংলাদেশ কোচ অস্কার ব্রুজনও জেনেছেন। ঢাকায় থাকতেই এক সাংবাদিকের কাছ থেকে ডিলন সংক্রান্ত তথ্য নিয়েছেন।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের অতীত ফল খারাপ নয়। দক্ষিণ এশিয়ার ফুটবলের সর্বোচ্চ প্রতিযোগিতায় শ্রীলঙ্কার সঙ্গে সবশেষ বাংলাদেশের দেখা হয়েছিল ২০০৯ সালে। এনামুল হকের জোড়া লক্ষ্যভেদে ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ।
দুই দলের সবশেষ দেখা ২০২০ সালে, ঢাকার বঙ্গবন্ধু গোল্ড কাপে। মতিন মিয়ার জোড়ায় ৩-০ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। আর সবশেষ জেমি ডের দল হেরেছিল ২০১৮ সালে। নীলফামারীতে প্রীতি ম্যাচে ১-০ ব্যবধানে হারতে হয়।
এই সাফ সামনে রেখে বাংলাদেশের প্রস্তুতি পর্ব সেরেছে কিরগিজস্তানে তিন জাতির প্রতিযোগিতায় অংশ নিয়ে। ফিলিস্তিন ও স্বাগতিকদের কাছে হারলেও অভিজ্ঞতা কম হয়নি। এছাড়া এবার জেমির ডের জায়গায় ‘ভেবে-চিন্তে’ ব্রুজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অন্তত সাফে যেন ইতিবাচক পরিবর্তন আসে।
এরই মধ্যে রক্ষণাত্মক কৌশল ছেড়ে বল পায়ে রেখে খেলার চেষ্টা চলছে। আট দিনের অনুশীলনে ব্রুজন সেটাই রপ্ত করিয়ে যাচ্ছেন শিষ্যদের মাঝে। আর সাফে লঙ্কানদের হারিয়েই নতুন কৌশলে নিজেদের শুরুটা করতে চাইছেন জামাল ভূঁইয়ারা।
তপু বর্মণ তো আগেই বলেছেন, ‘আমরা জেতার জন্য মাঠে নামবো। আশা করছি প্রথম ম্যাচ জিতেই এগিয়ে যাবো।’
বাংলাদেশের প্রস্তুতি খারাপ হয়নি। তবে প্রতিপক্ষ শ্রীলঙ্কাও কম প্রস্তুতি নেয়নি। যতই তাদের ফিফা র্যাঙ্কিং তলানিতে থাকুক না কেন, সাম্প্রতিক পারফরম্যান্স অন্যরকম কথা বলছে। বিশ্বকাপ বাছাইয়ে ফিফা র্যাঙ্কিংয়ে ৯৭তম স্থানে থাকা লেবাননের বিপক্ষে লড়াই করে ৩-২ গোলে হেরেছে।
তবে বসনিয়ার কোচের অধীনে লঙ্কানদের খেলার ধরন সম্পর্কে ওয়াকিবহাল আছেন ব্রুজন। সম্ভাব্য ৪-৩-৩ ছকে লঙ্কানদের বধ করে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মুখে হাসি ফোটাতে চাইছেন এই স্প্যানিয়ার্ড।
আর তা করতে পারলেই লাল-সবুজ দল পাবে এগিয়ে চলার বাড়তি অনুপ্রেরণা।