সাফ চ্যাম্পিয়নশিপে আজ (শুক্রবার) মাঠে নামছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটিতে ডাগ আউটে থাকার কথা ছিল জেমি ডের। কিন্তু হঠাৎ প্রতিযোগিতা শুরুর কয়েক দিন আগে ইংলিশ কোচকে সরিয়ে অস্কার ব্রুজনকে দায়িত্ব দেয় বাফুফে। দায়িত্বে না থাকলেও লন্ডন থেকে লাল-সবুজ দলের খবর ঠিকই রাখছেন ডে। ৪১ বছর বয়সী কোচ বলছেন, শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ২-০ গোলে জিতবে।
ডের সময় বাংলাদেশ দুইবার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছিল। ২০১৮ সালে নীলফামারীতে ১-০ গোলে হারতে হয়েছিল। আর ২০২০ বঙ্গবন্ধু গোল্ডকাপে ৩-০ গোলে জয় পেয়েছিল মতিন-ইব্রাহিমরা।
সেই অভিজ্ঞতা থেকে বাংলা ট্রিবিউনকে ডে বলেছেন, ‘বাংলাদেশের অন্তত ২ গোলে ম্যাচ জিততে পারে। এবং জেতা উচিতও। সেই সামর্থ্য বাংলাদেশের আছে। বাংলাদেশ দলের প্রতি আমার শুভকামনা রইলো।’
বাংলাদেশ দল টানা খেলার মধ্যে আছে। সেই জয়াগায় শ্রীলঙ্কার বিপরীত অবস্থা। অনেক দিন ধরে খেলার মধ্যে নেই। ডে মনে করছেন, ‘এতে বাংলাদেশ এগিয়ে থাকবে। শ্রীলঙ্কার একজন বা দুজন খেলোয়াড় (প্রবাসী) খেলার তেমন একটা গতি-প্রকৃতি পরিবর্তন করতে পারবে না।’
ব্রুজনের অধীনে বাংলাদেশ প্রথম মাঠে নামতে যাচ্ছে। তবে দলের প্রায় সবারই ঘুরেফিরে ডের দলে খেলার অভিজ্ঞতা রয়েছে। ইংলিশ কোচের আশা, বাংলাদেশ ভালো করবে, ‘এই দলটির পেছনে আমি অনেক দিন সময় দিয়েছি। আশা করছি সাফে ভালো করবে সবাই। এটাই প্রত্যাশা।’
ডের অধীনে একবারই সাফে খেলেছে বাংলাদেশ। ২০১৮ সালে ঘরের মাঠে ভুটান ও পাকিস্তানকে হারালেও গোল গড়ে সেমিফাইনালে যাওয়া হয়নি। গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল। এবার ব্রুজনের অধীনে কঠিন চ্যালেঞ্জের সামনে লাল-সবুজের দল।