রোমাঞ্চ ছড়িয়ে লিভারপুল-ম্যান সিটি ম্যাচ ড্র

প্রথমার্ধে দুই দলের কেউই লক্ষ্যভেদ করতে পারেনি। তবে বিরতির পর রোমাঞ্চ ছড়িয়েছে লিভারপুল-ম্যানচেস্টার সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে দুইবার এগিয়ে থেকেও জয় পায়নি ক্লপের দল। ম্যাচে দারুণভাবে ফিরে এসে বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি ২-২ গোলে ড্র করেছে। 

লিভারপুল ৭ ম্যাচে তৃতীয় ড্রতে ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে। ম্যান সিটি সমান ম্যাচে দ্বিতীয় ড্রতে ১৪ পয়েন্ট নিয়ে এরপরেই জায়গা করে নিয়েছে। চেলসি ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষে।

অ্যানফিল্ডে প্রথমার্ধে সুযোগ নষ্ট করেছে ম্যানচেস্টার সিটি। বিপরীতে লিভারপুল সেভাবে সুযোগ পেয়েছে কমই।

বিরতির পর রোমাঞ্চ ছড়িয়েছে দুই দলের পাল্টাপাল্টি লক্ষ্যভেদ। শুরুতে লিভারপুল ঝলক দেখাতে শুরু করে। ৫৯ মিনিটে প্রথম এগিয়ে যায় ক্লপের দল। মোহামেদ সালাহর পাসে সেনেগালিজ সাদিও মানে সুন্দর ফিনিস করেন। গোলকিপার এদেরসন চেষ্টা করেও গোল হজম থেকে দলকে রক্ষা করতে পারেননি।

এক গোলে পিছিয়ে থেকে ম্যান সিটি ম্যাচে সমতায় ফিরতে বেশি সময় নেয়নি। ৭০ মিনিটে সমতায় ফেরে পেপ গার্দিওয়ালার দল। জেসুসের থ্রু থেকে বাঁ পায়ের শটে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ান ফোডেন।

৬ মিনিট পর এবার সালাহ নিজেই গোল করে লিভারপুলকে এগিয়ে নেন। দুই ডিফেন্ডারের বাধা টপকে দূরের পোস্ট দিয়ে লক্ষ্যভেদ করেছেন মিশরের এই ফরোয়ার্ড।

৮১ মিনিটে ম্যান সিটি আবারও সমতায় ফেরে। ডি ব্রুইনের বাঁ পায়ের জোরালো শট মাতিপের গায়ে লেগে জড়িয়ে যায় জালে। বাকি সময়ে আর কোনও ব্যবধান বাড়াতে পারেনি কেউ।

২-২ স্কোরলাইন রেখে মাঠ ছেড়েছে দুই জায়ান্ট।