প্রতিপক্ষের মাঠে আগেও লড়াই করে ম্যাচ জিতেছিল লিভারপুল। এবারও নিজেদের মাঠে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে গেলো। দুই গোলে পিছিয়ে তখনও দুর্ভাগ্য পিছু ছাড়েনি আতলেতিকোর। একপর্যায়ে ১০ জনের দলে পরিণত হয়। সেই সুযোগে দাপট দেখিয়ে ইয়ুর্গেন ক্লপের দল ২-০ স্কোরলাইন রেখে ম্যাচ জিতেছে।চ্যাম্পিয়ন লিগের ‘বি’ গ্রুপে লিভারপুল ৪ ম্যাচে চারটিতে জিতে ১২ পয়েন্ট নিয়ে শেষ ষোলোতে যাওয়া নিশ্চিত করেছে। আতলেতিকো মাদ্রিদ সমান ম্যাচে দ্বিতীয় হারে আগের ৪ পয়েন্ট নিয়ে আছে।
অ্যানফিল্ডে ম্যাচের ১৩ মিনিটে লিভারপুল এগিয়ে যায়। আলেকজেন্ডার আরনল্ডের ক্রসে দিয়েগো জোতা পোস্টের সামনে থেকে হেডে লক্ষ্যভেদ করে দলকে এগিয়ে নেন।
১৯ মিনিটে সাদিও মানের শট ডিফেন্ডার প্রতিহত করলে ব্যবধান বাড়েনি। তবে ২ মিনিট পরই সেনেগালিজ উইঙ্গার সফল হয়েছেন। ২১ মিনিটে আলেকজেন্ডার আরনল্ডের এসিস্টে মানে বাম পায়ের জোরালো শটে জাল কাঁপান।
দুই গোলে পিছিয়ে আতলেতিকোর আরও দুর্ভাগ্য অপেক্ষা করছিল। ৩৬ মিনিটে আতলেটিকো মাদ্রিদ ১০ জন হয়ে যায়। সাদিও মানেকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফেলিপে। তবে একজন কম নিয়ে খেললেও প্রতিপক্ষ তাদের আর গোল দিতে পারেনি।
৪২ মিনিটে মোহামেদ সালাহর শট গোলকিপার প্রতিহত করেন। বিরতির পরও স্বাগতিকদের আক্রমণ অব্যাহত থাকে। ৪৭ মিনিটে আবারও সালাহর শট ক্লিয়ার করেন ডিফেন্ডার। হেন্ডারসনও মিস করেন।
তবে আতলেতিকো দুটি ভালো সুযোগ পায়। কিন্তু কাজে লাগাতে পারেনি। ৬৫ মিনিটে কোরেরার ৩৫ গজ দূর থেকে নেওয়া শট পোস্টের বাইরে দিয়ে যায়। ৭৪ মিনিটে হেরেরার ডান পায়ের শট পোস্টের বা দিক দিয়ে গেলে ব্যবধান কমানো যায়নি। শেষ পর্যন্ত ২-০ গোলে ম্যাচ জিতে মাঠ ছেড়েছে সালাহ-মানেরা।