নবাবকে নিয়েই শ্রীলঙ্কা যাচ্ছে বাংলাদেশ দল

শ্রীলঙ্কায় প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে ট্রফিতে খেলবে বাংলাদেশ ‍ফুটবল দল। আগামী ৮ নভেম্বর সেশেলসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মিশন। ১১ নভেম্বর মুখোমুখি হবে মালদ্বীপের। তিন দিন পর প্রতিপক্ষ স্বাগতিক শ্রীলঙ্কা। এই চারজাতি ফুটবল প্রতিযোগিতা সামনে রেখে আজ (বৃহস্পতিবার) দল ঘোষণা করেছে বাংলাদেশ। ২৩ জনের চূড়ান্ত দলে জায়গা হয়েছে কাতার প্রবাসী উইঙ্গার ওবায়দুর রহমান নবাবের।

প্রাথমিক স্কোয়াডে ঢাকায় ২৪ জনকে ডাকা হলেও ১৭ জন এসেছিলেন। এর মধ্যে ডিফেন্ডার মেহেদী হাসান বাদ পড়েছেন। এছাড়া উজবেকিস্তান থেকে শ্রীলঙ্কা যাবেন অনূর্ধ্ব ২৩ দলে খেলা সাত ফুটবলার- ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়, মাহবুবুর রহমান সুফিল ও ফয়সাল আহমেদ ফাহিম।

কাতারের লিগে খেলে গত মৌসুমে বাংলাদেশে এসেছেন নবাব। কিন্তু চোটের কারণে তিন ম্যাচের বেশি খেলতে পারেননি। চোট থেকে সুস্থ হতেই কপাল খুলে যায় তার। ডাক পেয়ে যান বাংলাদেশ দলে। পর্তুগিজ কোচ মারিও লেমসের সুদৃষ্টিতে পড়ে যাওয়াতেই শুরুতে প্রাথমিক দলে ডাক পাওয়া। এবার মূল দলেও সুযোগ মিলে গেলো তার।  প্রবাসী হলেও দেশের ফুটবলের ‘নবাব’ হওয়ার স্বপ্ন দেখেন তিনি।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কোচ মারিও লেমসের অধীনে ফুটবলাররা ঘাম ঝরিয়েছেন। সেখানে অন্যদের সঙ্গে অনুশীলন করেছেন ২২ বছর বয়সী ফুটবলার নবাব। এত তাড়াতাড়ি ক্যাম্পে ডাক পাবেন, আশা করেননি। তাই অনুশীলনের পর উচ্ছ্বাস প্রকাশ করে বলেছিলেন, ‘ক্যাম্পে থাকতে পেরে আমি খুব খুশি। গত মৌসুমে চোটের কারণে খুব বেশি ম্যাচ-টাইম পাইনি। তাই আশা করিনি ডাক পাবো, কিন্তু কোচ আমার ওপর আস্থা রেখেছেন। এই বন্ধের মধ্যে ফিটনেস ধরে রেখেছিলাম, ট্রেনিং করেছি। প্রথম দিন দলের সঙ্গে অনুশীলনটা উপভোগ করেছি।’

এখন শুধু উপভোগেই নিজেকে সীমাবদ্ধ রাখতে চান না তিনি। নামের মতো বাংলাদেশের ফুটবলেরও নবাব হওয়ার স্বপ্ন তার। এক প্রশ্নের জবাবে এই উইঙ্গার বলেছিলেন, ‘‘আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। আশা করি, একদিন দেশের ফুটবলের ‘নবাব’ হতে পারবো ইনশাআল্লাহ।”

নতুন অন্তর্বর্তীকালীন কোচ মারিও লেমস কয়েক দিনের অনুশীলনের পর স্কোয়াড চূড়ান্ত করেছেন। আগামীকাল (শুক্রবার) ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।

বাংলাদেশ দল: আনিসুর রহমান জিকো, আশরাফুল ইসলাম রানা, শহিদুল আলম সোহেল, তপু বর্মণ, সুশান্ত ত্রিপুরা, ইয়াসিন খান, আতিকুর রহমান ফাহাদ, মোহাম্মদ ইব্রাহিম, ওবায়দুর রহমান নবাব, সাদ উদ্দিন, জুয়েল রানা, জামাল ভূঁইয়া, রেজাউল করিম, রাকিব হোসেন, মেহেদী হাসান রয়েল, সুমন রেজা, ইয়াসিন আরাফাত, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, টুটুল হোসেন বাদশা, মোহাম্মদ হৃদয়, মাহবুবুর রহমান সুফিল ও ফয়সাল আহমেদ ফাহিম।