খুব বেশি দিন আগের কথা নয়। গত মাসের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কার চার জাতি ফুটবল প্রতিযোগিতায় যখন আবারও সেই দ্বীপ দেশটির মুখোমুখি, তখন সাফের ম্যাচের স্মৃতি সামনে আসাই স্বাভাবিক। তবে পার্থক্যটা বাংলাদেশ কলম্বোর ম্যাচের শুরুতেই দেখিয়ে দিলো। জামাল ভূঁইয়ার গোলে মালদ্বীপের বিপক্ষে ১-০ গোলের লিড নেয় লাল সবুজ জার্সিধারীরা। তবে ৩২ মিনিটে ম্যাচে সমতা ফেরায় মালদ্বীপ।
আজ (শনিবার) কলম্বোর রেসকোর্স মাঠে ১১ মিনিটে জামালের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। জাতীয় দলের জার্সিতে এই প্রথম গোলের দেখা পেলেন বাংলাদেশ অধিনায়ক। এর আগে অনূর্ধ্ব-২৩ দলের হয়ে দুটি গোল আছে তার। তবে সেটি ছিল বয়সভিত্তিক দলে। মালদ্বীপের বিপক্ষে এই লড়াই দিয়েই তাই মূল দলের হয়ে প্রথম গোলের দেখা পেলেন ৫৮তম ম্যাচে এসে।
শুরু থেকেই আধিপত্য বিস্তার ছিল বাংলাদেশের খেলায়। গোলের দেখা পেতেও তাই খুব একটা দেরি হয়নি। ১১তম মিনিটে এগিয়ে যায় লাল-সবুজ জার্সিধারীরা। রহমত মিয়ার লম্বা থ্রো-ইনে বক্সের ভেতর মালদ্বীপের এক খেলোয়াড় লাফিয়ে হেড করতে চাইলেও পারেননি, ছুটে যাওয়া সেই বল আরেক খেলোয়াড়ও পায়ে ছোঁয়াতে পারেননি। অনেকটা ভাগ্যক্রমে বল চলে যায় দূরের পোস্টে। যেখানে একেবারে ফাঁকায় ছিলেন জামাল। প্লেসিং শটে সহজ সুযোগটা কাজে লাগেনি ভুল করেননি এই মিডফিল্ডার।
তবে বিপত্তি ঘটে সহকারী রেফারি অফসাইডের বাঁশি বাজালে। যদিও বাংলাদেশের খেলোয়াড়রা কড়া আপত্তি জানান। তাদের অবস্থান জোরালো হওয়ায় রেফারি তার সহকারীর সঙ্গে আলোচনা করে গোলের সিদ্ধান্ত জানান।
যদিও লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ৩২ মিনিটে মালদ্বীপকে সমতায় ফেরান ইব্রাহিম আইসাম।