ছেলেদের বিভাগে সিলেট সেরা, মেয়েদের বিভাগে রংপুর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল বালক (অনূর্ধ্ব-১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল বালিকা (অনূর্ধ্ব-১৭) বিভাগের ফাইনাল হয়ে গেলো বৃহস্পতিবার। ছেলেদের বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট, মেয়েদের বিভাগে রংপুর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত থেকে এই ফাইনাল ম্যাচ উপভোগ করেছেন। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

ভার্চুয়ালি উপস্থিত থেকে ফাইনাল ম্যাচ উপভোগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ছেলেদের ফাইনালে মুখোমুখি হয় সিলেট ও রাজশাহী বিভাগ। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ সমতা থাকায় পরে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে ৩-১ ব্যবধানে জয় পেয়েছে সিলেট বিভাগ। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হয়েছেন সিলেটের অনিক দেব মারমা।

সেরা খেলোয়াড় হয়ে উচ্ছ্বসিত অনিক বলেছেন, ‘আমি চিন্তাও করিনি যে সেরা খেলোয়াড় হতে পারবো। তবে অনুশীলনে অনেক পরিশ্রম করেছি। প্রধানমন্ত্রীর সামনে পুরস্কার নেওয়া অন্যরক অনুভূতি। আমার স্বপ্ন একদিন জাতীয় দলের হয়ে খেলবো।’

একই ভেন্যুতে মেয়েদের ফাইনালে ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে রংপুর বিভাগ। সেরা খেলোয়াড় হয়েছেন চ্যাম্পিয়ন দলেরই নাসরিন আক্তার।

নাসরিনের স্বপ্ন বাংলাদেশ জাতীয় নারী দলের হয়ে খেলা, ‘সেরা খেলোয়াড় হতে পেরে খুব ভালো লাগছে। দলকে চ্যাম্পিয়ন করতে পেরে আনন্দিত। দলের সবার সহযোগিতায় আমরা এত দূর এসেছি। আমার স্বপ্ন বাংলাদেশ জাতীয় দলে খেলা।’

চ্যাম্পিয়ন দল ট্রফি ছাড়াও পুরস্কার পেয়েছে ৩ লাখ টাকা।