প্রিমিয়ার লিগে গত এক সপ্তাহে খেলোয়াড়-স্টাফ মিলিয়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪২জন। তাতেই ইংলিশ লিগের বর্তমান করোনা পরিস্থিতির চিত্র ফুটে উঠে। করোনার প্রাদুর্ভাবে মঙ্গলবার ম্যানচেস্টার ইউনাইটেড-ব্রেন্টফোর্ড ম্যাচও স্থগিত করেছে কর্তৃপক্ষ।
ম্যানইউ জানিয়েছে, রবিবার পিসিআর টেস্টের পর স্টাফ ও খেলোয়াড়দের করোনা পজিটিভ হওয়ার ঘটনা ধরা পড়েছে। অথচ শনিবার নরউইচ ম্যাচের আগে সব খেলোয়াড় নেগেটিভ হয়েছিলেন। সংক্রমণের ভয়ে তাই ক্যারিংটন ট্রেনিং গ্রাউন্ডই বন্ধ করে দেওয়া হয়েছে। তবে কতজন খেলোয়াড় করোনা পজিটিভ হয়েছেন, সেসব বিষয়ে ম্যানইউ কিছুই জানায়নি।
ম্যাচ স্থগিতের বিষয়ে ম্যানইউ জানিয়েছে, ‘ব্রেন্টফোর্ডের বিপক্ষে আমাদের মঙ্গলবারের ম্যাচটি স্থগিত করা হয়েছে। ম্যাচের পরবর্তী সূচি শিগগিরই জানিয়ে দেওয়া হবে।’
শুধু রোনালদোদের ক্লাবই নয় করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া যাচ্ছে বাকি ক্লাবগুলো থেকেও। ব্রাইটন, টটেনহাম, লিস্টার, অ্যাস্টন ভিলা ও নরউইচ- সবাই নিজেদের ক্লাবে করোনা সংক্রমণের কথা নিশ্চিত করেছে। একই কারণে রবিবার ব্রাইটন-টটেনহামের ম্যাচটিও স্থগিত করা হয়।
ইংলিশ লিগে সার্বিকভাবে করোনা পজিটিভের সংখ্যা হঠাৎ বাড়তে শুরু করেছে। ২০২০ সালের মে-তে টেস্টিং চালু হওয়ার পর গত এক সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক পজিটিভ পাওয়া গেছে। ওমিক্রনের কারণে ইংল্যান্ডে এরই মধ্যে আরোপ করা হয়েছে বিধি-নিষেধ। তাই প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ করোনা-বিধিগুলো জরুরি ভিত্তিতে চালু করার নির্দেশ দিয়েছে।