আবাহনীকে ট্রফি জেতাতে পারবেন কলিনদ্রেস?

ঘরোয়া ফুটবলে পাঁচটি ট্রফি জিতেছে বসুন্ধরা কিংস। এরমধ্যে তিনটিতে কোস্টারিকার ফরোয়ার্ড দানিয়েল কলিনদ্রেসের অবদান কম নয়। তবে এক মৌসুম পর ঠিকানা বদল হয়েছে রাশিয়া বিশ্বকাপ খেলা এই তারকার। নাম লিখিয়েছেন দেশের অন্যতম জনপ্রিয় ক্লাব আবাহনী লিমিটেডে। ৩৬ বছর বয়সীর সামনে এবার আকাশি-নীল জার্সিধারীদের হয়ে প্রথম ট্রফি জয়ের হাতছানি।

এরই মধ্যে নিজেকে আলাদা করে চিনিয়েছেন কলিনদ্রেস। বিশেষ করে নকআউট পর্বে তো দুর্দান্ত খেলেছেন। সেনাবাহিনীর বিপক্ষে জোড়া গোল পেয়েছেন কোয়ার্টার ফাইনালে। সেমিফাইনালে নিজে গোল করার পাশাপাশি করিয়েছেনও। সেটপিস থেকে নিখুঁত শটে তার করা গোল ছিল দৃষ্টিনন্দন। এমন পারফরম্যান্সের পর স্বাভাবিকভাবেই তার কাছ থেকে প্রত্যাশা বেড়ে গেছে আরও। আবাহনী কোচ লেমসের কাছেও কলিনদ্রেসকে নিয়ে অনেক প্রত্যাশা। বাংলা ট্রিবিউনকে আবাহনী কোচ বলেছেন, ‘কলিনদ্রেস দলের অন্যতম সেরা খেলোয়াড়। তার উপস্থিতি দলে বাড়তি শক্তি জোগায়। আশা করছি, আগের মতো ফাইনালেও সে ভালো করবে। এছাড়া অন্য যারা আছে তারাও যদি নিজেদের পারফরম্যান্স দেখাতে পারে তাহলে সাফল্য আসবে।’

এখন রাফায়েল অগাস্তোর মতো কৌশলী মিডফিল্ডার কিংবা দোরিয়েন্তনের মতো ‘নম্বর নাইনের’ সঙ্গে কলিনদ্রেসসহ অন্যরা জ্বলে উঠলে ট্রফি জিততেও সহায়ক হবে। তবে কলিনদ্রেসের জন্য বসুন্ধরার বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া সহজ হবে না। বসুন্ধরার রয়েছে ইরানের ডিফেন্ডার খালিদ শাফিই। এছাড়া আতিকুর রহমান ফাহাদ, বিশ্বনাথ ঘোষ ও ইয়াসিন আরাফাতের মতো রক্ষণ দেয়াল। কলিনদ্রেসের এখন বসুন্ধরা কিংস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পালা।