চোটে ব্রাজিলিয়ানের মৌসুমই শেষ!

বসুন্ধরা কিংসের মধ্যমাঠের মূল অস্ত্র ব্রাজিলিয়ান জোনাথন ফেরনান্দেস। স্বাধীনতা কাপের সেমিফাইনালে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছিল। সেই ধাক্কায় ফাইনালেও তার মাঠে নামা হয়নি। শেষ পর্যন্ত এই চোটই কাল হয়ে দাঁড়ালো! চোট বেশি থাকায় এই মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না ফেরনান্দেসের। ক্লাব সূত্রে এমন তথ্য জানা গেছে।

সেমিতে পুলিশের বিপক্ষে বল নিয়ন্ত্রণ করার সময় মাঠেই পড়ে যান ফেরনান্দেস।  পরীক্ষা-নিরীক্ষার পর দেখা গেছে লিগামেন্টে বড় রকমের আঘাত পেয়েছেন তিনি। সেরে উঠতে এখন তার পায়ে অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দিয়েছে। তাই বসুন্ধরা কিংসের হয়ে বাকি মৌসুমে আর মাঠে নামা হচ্ছে না এই মিডফিল্ডারের।

এর ফলে বসুন্ধরাকে আসন্ন ফেডারেশন কাপ ও প্রিমিয়ার লিগের প্রথম পর্বে তিন বিদেশি নিয়ে খেলতে হবে।  অথচ কিংসের সাফল্যের পিছনে ফেরনান্দেসের অবদান কম ছিল না। সতীর্থদের দিয়ে গোল করার পাশাপাশি নিজেও গোল করেছেন।  আরেক ব্রাজিলিয়ান রবিনিয়োর সঙ্গে তার রসায়নও ছিল দেখার মতো।