ইপিএলে আজ মাঠে নামছে ম্যানসিটি-ম্যানইউ-লিভারপুল

আজ শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগের খেলায় মাঠে নামছে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। রাত সাড়ে ১১টায় টেবিলের ৩ নম্বর দল ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের। রাত ৯টায় ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে সাউদাম্পটনের বিপক্ষে। সন্ধ্যা পৌনে ৭টায় লিভারপুল মুখোমুখি হবে নরউইচ সিটির। রাত ৯টায় পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে থাকা লিস্টার সিটি লড়বে স্টোক সিটির বিপক্ষে। ম্যানইউ-সিটি-লিভারপুল
শনিবার রাত সাড়ে ১১টায় নিজেদের মাঠ বোলেন গ্রাউন্ডে ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড। ইপিএলের পয়েন্ট টেবিলে আর্সেনাল ও লিস্টার সিটির চেয়ে মাত্র ১ পয়েন্টে পিছিয়ে সিটিজেনরা। এবার শিরোপার দৌড়ে এগিয়ে যাবার লড়াইয়ে এদিন সিটির প্রতিপক্ষ ওয়েস্টহ্যাম রয়েছে পয়েন্ট টেবিলের ১০ নম্বরে। সিটিজেনদের জন্য আশঙ্কার বিষয় ঘরের মাটিতে টানা ৮ ম্যাচে অপরাজিত ওয়েস্টহ্যাম। ম্যান সিটির জন্য এই ম্যাচ প্রতিশোধেরও। কেননা গত সেপ্টেম্বরে ওয়েস্টহ্যামের কাছেই ২-১ গোলের হেরেছিল পেল্লেগ্রিনির দল। 

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে সাউদাম্পটনের। নিজেদের সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী লিভারপুলকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছে রেড ডেভিলরা। তবে ইনজুরিতে জর্জরিত রেড ডেভিল শিবির। শোয়াইনস্টাইগার, ফিল জোনস, অ্যাশলে ইয়াং, মার্কোস রোহো কিংবা লুক শ সবাই মাঠের বাইরে। জয়ের জন্য এদিনও ম্যানইউ সমর্থকরা তাকিয়ে থাকবেন রুনি পায়ের দিকে। 

অন্যদিকে লিভারপুলের প্রতিপক্ষ নরউইচ সিটি। যাদের বিপক্ষে শেষ ১১ লিগ ম্যাচের একটিতেও হারেনি অল রেডরা।
পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিস্টার আজ নামছে স্টোক সিটির বিপক্ষে। জয় দিয়ে আর্সেনালকে টপকানোর সুযোগ তাদের সামনে। এছাড়া অন্যান্য ম্যাচে মুখোমুখি হবে সান্ডারল্যান্ড-এফসি বার্নমাউথ, ওয়াটফোর্ড-নিউক্যাসল ইউনাইটেড, ওয়েস্টব্রুম-অ্যাস্টন ভিলা ও ক্রিস্টাল প্যালেস-টটেনহ্যাম।

/এমআর/