নিয়ম ভঙ্গ করেছেন বসুন্ধরা কিংসের সভাপতি, ব্যাখ্যা জানতে চেয়েছে বাফুফে

শনিবার থেকে ফেডারেশন কাপ ফুটবল শুরু হয়েছে। কিন্তু শুরুর দিনে মাঠে আসেনি বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। টুর্নামেন্টের ‘ফরম্যাট ও টার্ফের সমস্যা’ তুলে ধরে খেলা থেকে বিরত আছে তারা। এ নিয়ে বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান টি স্পোর্টসের কাছে নিজেদের অবস্থান তুলে ধরার পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন। যা বাফুফে মনে করছে সত্য নয়। নিয়ম ভঙ্গ হওয়ায় এই সংগঠকের কাছ থেকে রাতে লিখিতভাবে  ব্যাখ্যা জানতে চাওয়া হয়েছে।

বাফুফের লিগ্যাল অফিসার অ্যাডভোকেট জিল্লুর রহমান স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, ইমরুল হাসানের দেওয়া বক্তব্যে ফেডারেশন কাপ উপলক্ষে প্রণীত রেগুলেশনের ৪৪.৬.৬ ধারা লঙ্ঘন হয়েছে। যা একই সঙ্গে বাফুফের সহ-সভাপতি হওয়ায় নির্বাহী কমিটি ও উপকমিটির সদস্যদের  জন্য দেওয়া কোড অব কন্ডাক্ট ভঙ্গের শামিলও।

এ বিষয়ে ইমরুল হাসানের বক্তব্য পাওয়ার পর তা ডিসিপ্লিনারি কমিটির কাছে দেওয়া হবে।