আগের ম্যাচে লিভারপুলকে তাদের ঘরের মাঠে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে শিরোপা রেসে ফেরার ইঙ্গিত দিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। তবে শনিবার ইপিএলের ম্যাচে ফের হারের মুখ দেখল লুইস ফন গালের শিষ্যরা। এদিন ঘরের মাঠে রেড ডেভিলরা ০-১ গোলে হেরে গেছে সাউদাম্পটনের কাছে।
ওল্ড ট্র্যাফোর্ডে ৮৭তম মিনিটে ইউনাইটেডের জালে একমাত্র গোলটি করেন ইংলিশ স্ট্রাইকার চার্লি অস্টিন। ইপিএলের এবারের আসরে লুই ফন খালের দলের এটা ষষ্ঠ হার। ২৩ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে আছে তারা।
অপর ম্যাচে স্টোক সিটিকে ৩-০ গোলে হারিয়ে ফের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে লিস্টার সিটি।
এদিন ঘরের মাঠে ৪২তম মিনিটে ইংলিশ মিডফিল্ডার ড্যানিয়েলের গোলে এগিয়ে যায় লিস্টার। পরে ৬৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জেমি ভার্ডি। ইপিএলের এবারের আসরে চমক দেখানো ভার্ডির এটা ১৬তম গোল। এ গোলে প্রিমিয়ার লিগে শীর্ষ গোলদাতার তালিকায় উঠে এলেন তিনি। ৮৭তম মিনিটে আর্জেন্টিনার ফরোয়ার্ড লিওনার্দোর গোলে লিস্টারের জয় নিশ্চিত হয়।
এই জয়ে ২৩ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিস্টার। এক ম্যাচ কম খেলে পয়েন্ট টেবিলের দুই নম্বরে আর্সেনাল।
/এমআর/