বাংলাদেশ ফুটবল দলের জন্য দুর্ভাগ্যের একটি বছর ছিল ২০২১। তিনটি টুর্নামেন্টে কাছাকাছি গিয়েও ট্রফি উঁচিয়ে ধরতে পারেনি। নেপালে তিন জাতি ফুটবল, মালদ্বীপে সাফ ও কলম্বোতে চার জাতি ফুটবলে আশা জাগিয়েও শেষ পর্যন্ত ফিরেছে খালি হাতে। তাই নিজেদের ‘দুর্ভাগা’ মনে করছেন জামাল ভূঁইয়া। তবে নতুন বছরে বাংলাদেশ অধিনায়কের প্রত্যাশা, ভাগ্যকে পাশে রেখে আগামীতে দুর্বার গতিতে এগিয়ে যাবে তার দল।
২০২২ সালটাতেও ব্যস্ত সময় কাটাবে জাতীয় ফুটবল দল। বছরের কয়েকটি ধাপে ফিফার প্রীতি ম্যাচ ছাড়াও এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে। হতে পারে সাফ চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু গোল্ডকাপও। তবে যেই টুর্নামেন্ট কিংবা ম্যাচ আসুক না কেন, এবার ভাগ্যকে খুব করে পাশে দেখতে চাইছেন জামাল ভূঁইয়া। বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘সদ্য শেষ হওয়া বছরে আমরা ভালো খেলেও ট্রফি জিততে পারিনি। মালদ্বীপ ও কলম্বোতে শেষ দিকে এসে স্বপ্ন ভঙ্গ হয়েছে। ভাগ্য আমাদের পাশে ছিল না। নতুন বছরে যেই ম্যাচ কিংবা টুর্নামেন্ট থাকুক না কেন, ভাগ্যের পরশ চাই। আমি মনে করি, ভাগ্য পাশে থাকলে সাফল্য আসবেই।’
খেলাধুলায় ভাগ্যের পাশাপাশি বেশি করে প্রয়োজন পারফরম্যান্স। সে কারণেই নিজেদের ভুল-ত্রুটি সংশোধন করার পক্ষপাতী ৩১ বছর বয়সী এই মিডফিল্ডার, ‘দুটো টুর্নামেন্টে শেষ দিকে এসে বিদায় নিতে হয়েছে। আমরা যেন সামনের দিকে আর ভুল না করি। নিজেদের সাবলীল খেলাটা যেন খেলতে পারি, সেই প্রত্যাশা করছি। তাহলে হয়তো সমর্থকদের মুখে হাসি ফোটানো যাবে।’
সাফল্য পেলে তখন এমনিতেই বাড়বে ফিফা র্যাঙ্কিং। বর্তমানে বাংলাদেশের র্যাঙ্কিং- ১৮৬। জামালও চাইছেন র্যাঙ্কিংয়ে উন্নতি হোক লাল-সবুজের, ‘আমরা যদি ভালো খেলতে পারি, তাহলে এমনিতে র্যাঙ্কিং বাড়বে। তাই ভালো খেলার বিকল্প নেই। সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে।’