ফিফা বর্ষসেরা কোচের তালিকা ছোট হয়ে এলো আরও। গত নভেম্বরে ৭ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই তালিকায় ছিলেন আর্জেন্টিনাকে কোপা জেতানো লিওনেল স্ক্যালোনি। কিন্তু সর্বশেষ ঘোষিত তিন জনের তালিকা থেকে বাদ পড়েছেন মেসিদের কোচ।
ফিফার বর্ষসেরা হওয়ার লড়াইয়ে জায়গা পাওয়া তিন কোচ হলেন- ইতালিকে ইউরো জেতানো রবার্তো মানচিনি, ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা ও চেলসির টমাস টুখেল।
প্রিমিয়ার লিগে শিরোপা জেতার পাশাপাশি ম্যানসিটিকে প্রথমবার চ্যাম্পিয়নস লিগ ফাইনালে তুলেছেন গার্দিওলা। যা ক্লাব ইতিহাসে প্রথম। আর চেলসিকে চ্যাম্পিয়নস লিগ জেতাতে অবদান রেখেছেন টুখেল।
জুরিখে আগামী ১৭ জানুয়ারি ভার্চুয়াল এক ইভেন্টের মাধ্যমে ঘোষণা করা হবে এই পুরস্কার।
স্ক্যালোনির মতো বাদ পড়াদের তালিকায় রয়েছেন জার্মানির কোচ হানসি ফ্লিক, টটেনহাম কোচ আন্তোনিও কন্তে ও আতলেতিকো মাদ্রিদের ডিয়েগো সিমিওনে। সর্বশেষ দুই আসরে এই সেরা কোচের পুরস্কার জিতেছেন লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ।