বীর মুক্তিযোদ্ধা ও আবাহনীর সমর্থকদের শিরোপা উৎসর্গ করলাম: কাজী নাবিল

তিন বছর পর ফেডারেশন কাপের ট্রফি জিতেছে আবাহনী লিমিটেড। রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়ে শিরোপা উৎসব করেছে তারা। এমন পারফরম্যান্সের পর দলের সবাই উচ্ছ্বসিত। আবাহনী লিমিটেডের ভারপ্রাপ্ত ডিরেক্টর ইনচার্জ কাজী নাবিল আহমেদ মাঠেই ফাইনাল খেলা দেখেছেন। ম্যাচ শেষে উৎসবে শরিক হয়েছেন প্রথিতযশা এই ক্রীড়া সংগঠকও। দলের এই জয়কে কাজী নাবিল বীর মুক্তিযোদ্ধা ও সমর্থকদের উদ্দেশে উৎসর্গ করেছেন।

প্রধান অতিথি মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের হাত থেকে শিরোপা জয়ের ট্রফি নিয়েছেন আবাহনীর কোচ-খেলোয়াড়রা। এ সময় অন্যদের মাঝে মঞ্চে ছিলেন বাফুফের অন্যতম সহ-সভাপতি কাজী নাবিল। মঞ্চ থেকে নেমে এই ক্রীড়া সংগঠক সংবাদমাধ্যমকে বলেছেন, ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং আবাহনীর ৫০ বছর পূর্তি হতে যাচ্ছে, এমন সময়ে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন হওয়ায় অত্যন্ত আনন্দবোধ করছি। বীর মুক্তিযোদ্ধা ও আবাহনীর সমর্থকদের প্রতি এই শিরোপা উৎসর্গ করলাম।’

মৌসুমে দুটি শিরোপা জেতার পর এবার প্রিমিয়ার লিগের শিরোপাও আবাহনী জিততে চাইছে। কাজী নাবিলের প্রত্যাশা, ‘এই সিজনে আমরা লিগ চ্যাম্পিয়ন হয়ে ট্রেবল জেতার চেষ্টা করবো। খেলোয়াড়দের জন্য বিশেষ পুরস্কার আছে, সেগুলো তাদের কাছে পৌঁছে যাবে। খেলোয়াড়রা যেভাবে খেলে গেছে, আশা করি সামনেও তারা সেভাবে খেলবেন।’

স্বাধীনতা কাপে ট্রফি জেতার জন্য ২৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল। এবার ফেডারেশন কাপে দ্বিগুণ অর্থ ঘোষণা করা হয়েছে। বিসিবি ও আবাহনীর আরেক পরিচালক কাজী ইনাম আহমেদকে পাশে রেখে কাজী নাবিল খেলোয়াড়দের ৫০ লাখ টাকা বোনাস দেওয়ার ঘোষণা দেন। আগামী মঙ্গলবার এক অনুষ্ঠানের মাধ্যমে তা তুলে দেওয়ার প্রতিশ্রুতি মিলেছে।unnamed