জিদানের রিয়ালকে রুখে দিল দুর্বল বেটিস

জিনেদিন জিদান কোচের দায়িত্ব নেওয়ার পর অপেক্ষাকৃত দুর্বল দল রিয়াল বেটিসের বিপক্ষে প্রথম হোঁচট খেল রিয়াল মাদ্রিদ। রবিবার রিয়াল বেটিসের মাঠে ১-১ গোলের সমতায় মাঠ ছাড়তে হয় রিয়াল মাদ্রিদকে। 

রিয়ালএ বছরের শুরুতে রাফায়েল বেনিতেজের জায়গায় দায়িত্ব নেওয়া জিদানের অধীনে এই প্রথম হোঁচট খেল রিয়াল। ফরাসি এই কোচের অধীনে প্রথম দুটি ম্যাচে দারুণভাবে জিতেছিল তারা, ওই দুটি ম্যাচই ছিল তাদের ঘরের মাঠে। 

খেলার ৭ম মিনিটেই এগিয়ে যায় বেটিস। ফাবিয়ান রুইসের শট পা দিয়ে রিয়াল গোলরক্ষক ঠেকিয়ে দিলেও বিপদমুক্ত করতে পারেননি। ফিরতি বল পেয়ে দুর্দান্ত এক ভলিতে বাঁ কোণা দিয়ে জালে জড়ান স্প্যানিশ মিডফিল্ডার আলভারো সেহুদো। গত দুই ম্যাচে প্রতিপক্ষের জালে ১০ বার বল পাঠানো রিয়ালের আক্রমণভাগকে এ দিন প্রথমার্ধে চেনাই যায়নি। ৩১তম মিনিটে এই অর্ধে প্রথম ও একমাত্র সুযোগটি পায় অতিথিরা, কিন্তু গোলরক্ষককে একা পেয়েও ক্রিস্টিয়ানো রোনালদো ব্যর্থ হওয়ায় পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয় তাদের। ৬২তম মিনিটে আরেকটি দারুণ সুযোগ পান রোনালদো। কিন্তু এ যাত্রায় বলে পা লাগাতেই পারলেন না পর্তুগিজ ফরোয়ার্ড। 

৭১ মিনিটে সমতায় ফিরে রিয়াল। গোলটি করেন ফরাসি তারকা করিম বেনজেমা। গোলে সহায়তা করেন হামেস রদ্রিগেজ। ম্যাচের বাদবাকি সময়ে রিয়াল বেটিস যেমন ব্যবধান বাড়াতে পারেনি, তেমনি পারেনি রিয়ালও। এই ড্রয়ে তৃতীয় স্থানে থাকা রিয়ালের পয়েন্ট হলো ২১ ম্যাচে ৪৪।

অন্য ম্যাচে সেভিয়াকে হারিয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করার সুযোগ ছিল আটলেটিকো মাদ্রিদের। কিন্তু তাদের ঘরের মাঠের ম্যাচটি গোলশূন্য ড্র হওয়ায় দ্বিতীয় স্থানেই থাকতে হচ্ছে ২০১৩-১৪ মৌসুমের চ্যাম্পিয়নদের। ২১ ম্যাচে আটলেটিকোর পয়েন্ট ৪৮। বার্সেলোনার পয়েন্টও সমান ৪৮, তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে শীর্ষে লুইস এনরিকের দল। এক ম্যাচ অবশ্য কমও খেলেছে মেসি-নেইমাররা।

/এমআর/