২০১৭-২০১৮ মৌসুমের পর আর প্রিমিয়ার লিগ ফুটবলের শিরোপা জিততে পারেনি আবাহনী লিমিটেড। এবার খোলনলচে পাল্টে নতুন রূপে আবির্ভূত হয়েছে আকাশি-নীল জার্সিধারীরা। মৌসুমের দুটি ট্রফি করায়ত্ত করে এখন লিগ শিরোপায় চোখ। আগামীকাল (বৃহস্পতিবার) লিগ শুরু হলেও মারিও লেমসের দলের মিশন শুরু হবে একদিন পর, শুক্রবার থেকে। প্রথম ম্যাচে ঢাকার ঐতিহ্যবাহী দলটির প্রতিপক্ষ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। শহীদ আহসানউল্লাহ মাস্টার স্টেডিয়ামে বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল আবাহনী। ছয়বারের চ্যাম্পিয়ন তারা। এবার তাদের শিরোপা পুনরুদ্ধারের মিশন। আর সেই মিশনে ঠিকঠাকভাবে নামার সংকল্প। দলের পর্তুগিজ কোচ লেমস ভীষণ আশাবাদী। এবার তার স্বপ্নে মেলেছে আরও ডালপালা।
এবারের মৌসুমে লেমসের অধীনে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপের ট্রফি জিতেছে আবাহনী। তবে ৩৫ বছর বয়সী কোচ এখনও লিগের শিরোপা স্পর্শ করতে পারেননি। সেই আক্ষেপ এবার জুড়াতে চাইছেন তিনি। বাংলা ট্রিবিউনকে পর্তুগিজ কোচ বলেছেন, ‘আমরা এই মৌসুমে দুটি ট্রফি জিতেছি। এখন প্রিমিয়ার লিগ শুরু হচ্ছে। শুরু থেকে আমরা নিজেদের পারফরম্যান্স দেখিয়ে ম্যাচ জিততে চাই। আমরা জানি কাজটি সহজ হবে না। তবে যা শক্তি আছে তা দিয়েই লড়াই করতে চাই। আশা করছি, সমর্থকরা এবার আর হতাশ হবে না।’
আবাহনীর বড় শক্তি বিদেশি ফুটবলাররা। রাশিয়া বিশ্বকাপে খেলা দানিয়েল কলিনদ্রেস, দুই ব্রাজিলিয়ান রাফায়েল অগাস্তো ও দোরিয়েন্তন এবং মিলাদ শেখ সোলায়মানি- চারজনই নিজেদের জাত চিনিয়ে আসছেন। তাদের সঙ্গে নাবীব নেওয়াজ জীবন-ইমন মাহমুদ-সুশান্ত ত্রিপুরাদের যোগ্য সমর্থন মিললে দলের পারফরম্যান্স হবে আশাজাগানিয়া।
লেমসের চাওয়া, ‘যারা চোটে পড়েছিল। তারা সুস্থ হয়ে উঠছে। লিগের শুরুতে যদি সবাই একটি দল হয়ে খেলতে পারে, তাহলে আমি মনে করি সাফল্য পাওয়া সম্ভব। দুটি টুর্নামেন্টে যেভাবে খেলেছি, সেভাবেই খেলতে চাই। দলের প্রস্তুতিও খারাপ নয়। এখন মাঠে পারফরম্যান্স করে দেখাতে হবে।’
অধিনায়ক নাবীব নেওয়াজ জীবন কোচের সুরে সুর মিলিয়ে ইতিবাচক কথাই বললেন, ‘আবাহনী সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্যই দল গড়ে থাকে। এবার আমরা লিগ শিরোপার জন্য মাঠে ঝাঁপিয়ে পড়বো। সবাই মিলে শতভাগ দেওয়ার প্রতিশ্রুতি তো আছেই। শুরু থেকে ইতিবাচক খেলতে চাই। বাকিটা সময় বলে দেবে।’