ন্যু ক্যাম্পে বার্সেলোনার আলো ছড়ানোর দিনে কষ্টার্জিত এক জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় গ্রানাদাকে হারিয়েছে মাত্র ১-০ গোলে।
শীর্ষ চার খেলোয়াড়ের অনুপস্থিতি হারে হারে টের পেয়েছে লস ব্লাঙ্কোস। যৌথ সর্বোচ্চ গোলদাতা ভিনিসিয়ুস জুনিয়র ছিলেন না। অনুপস্থিত শীর্ষ গোলদাতা করিম বেনজিমাও। শেষ মুহূর্তে কাসেমিরো ও লুকাস ভেসকেসও ছিটকে গেছেন। পেটের পীড়ায় ভুগছিলেন দুজনেই। তাই বেঞ্চ থেকে খেলতে নেমেছিলেন এদেন হ্যাজার্ড। তবে গ্যারেথ বেল বদলি হিসেবে থাকলেও তাকে মাঠে নামানো হয়নি।
ফলে সব মিলিয়ে প্রতিপক্ষের রক্ষণ ভাঙতে ভীষণ বেগ পেতে হচ্ছিল। তবে প্রতিপক্ষের ভুলে প্রথমার্ধে গোলের দারুণও সুযোগ তৈরি হয়েছিল রিয়ালের। টনি ক্রুসের শট ক্লিয়ার করতে গিয়ে বিপদ তৈরি করেছিলেন কার্লোস নেভা। ভাগ্যভালো যে তার সেই শট গিয়ে আঘাত করেছে ক্রসবারে! বিরতির পর ধার বাড়ে আরও। শেষ পর্যন্ত ৭৪ মিনিটে গ্রানাদার রক্ষণ ভাঙতে সমর্থ হন মিডফিল্ডার মার্কো আসেনসিও। তার নিচু কোনাকুনি শটে জাল কাঁপলে নিশ্চিত হয় রিয়ালের জয়।
ঘাম ঝরানো এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ পয়েন্ট ব্যবধান বাড়িয়ে নিয়েছে আরও। ২৩ ম্যাচে তাদের অর্জন ৫৩ পয়েন্ট। সেভিয়া সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে অবস্থান করছে। অবশ্য নিকটতম প্রতিদ্বন্দ্বীরা পয়েন্ট হারানোয় তা আরও আশীর্বাদ হয়ে এসেছে রিয়ালের জন্য। ব্যবধান বেড়ে যাওয়ায় শীর্ষে তাদের অবস্থান আরও সুসংহত হয়েছে। দুইয়ে থাকা সেভিয়া ওসাসুনার সঙ্গে ড্র করেছে। আর তৃতীয় স্থানে থাকা রিয়াল বেতিস তো ২-০ গোলে হেরেছে ভিয়ারিয়ালের কাছে। বার্সেলোনা আবার ৪-২ গোলে আতলেতিকো মাদ্রিদকে হারিয়ে উঠে গেছে চারে। ২২ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট।