নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হেরে চাপে ছিল বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। হার দিয়ে প্রিমিয়ার লিগ শুরু করায় জমেছিল কালো মেঘ। সেই মেঘ সরিয়ে লিগের দ্বিতীয় ম্যাচে জয় পেয়েছে অস্কার ব্রুজনের দল। আজ (সোমবার) বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ড স্তোয়াইন ভ্রানিয়েসের লক্ষ্যভেদে ১-০ গোলে উত্তর বারিধারাকে হারিয়ে এবারের আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে বসুন্ধরা।
স্বাধীনতা কাপে অভিষেক ম্যাচে ভ্রানিয়েস জোড়া গোল করে আলো ছড়িয়েছিলেন। এরপর থেকে বলতে গেলে নিজের ছায়া হয়ে ছিলেন। গোলের আর দেখা পাননি। প্রিমিয়ার লিগের দ্বিতীয় ম্যাচে এসে ৩৫ বছর বয়সী তারকা গোল খরা কাটালেন।
বসুন্ধরা জিতলেও খেলায় ঠিক ছন্দ ছিল না। রবিনিয়ো-সুমন-ইব্রাহিমদের গতবার কোনোমতে অবনমন এড়ানো বারিধাকে হারাতে রীতিমতো ঘাম ঝরাতে হয়েছে। অথচ গতবার এই প্রতিপক্ষকে প্রথম লেগে ২-০ ও দ্বিতীয় পর্বে ৬-০ গোলে উড়িয়ে দিয়েছিল ব্রুজনের দল।
মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে দুটি পরিবর্তন এনে একাদশ সাজান ব্রুজন। সুমন রেজা ও মাশুক মিয়া জনির বদলে তৌহিদুল আলম সবুজ ও ইয়াসিন আরাফাত সুযোগ পান। শুরুর দিকে বসুন্ধরাকে চাপে রেখে ১৫ মিনিটে বারিধারা এগিয়ে যেতে পারতো। কিন্তু উজবেকিস্তানের ডিফেন্ডার সাইদস্তোন ফজিলভের শট ব্লক করেন ইরানি ডিফেন্ডার খালিদ শাফিই।
২৭ মিনিটে পাপন সিংয়ের থ্রু পাস ধরে দ্রুত ছুটছিলেন আরিফ হোসেন, কিন্তু বক্সে ঢোকার আগে স্লাইডিং ট্যাকলে বারিধারার মিডফিল্ডারকে আটকান বিশ্বনাথ ঘোষ।
এরপরই প্রতিআক্রমণ থেকে এগিয়ে যায় বসুন্ধরা। ডান দিক থেকে মোহাম্মদ ইব্রাহিমের ক্রসে দূরের পোস্টে থাকা ভ্রানিয়েস নিখুঁত টোকায় লক্ষ্যভেদ করেন। লিগে বসুন্ধরার হয়ে গোলের খাতা খুললেন বসনিয়া-হার্জেগোভিনার ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধেও বসুন্ধরার খেলায় দেখা যায়নি চেনা ধার। তবে ম্যাচের নিয়ন্ত্রণ ঠিকই রেখেছিল নিজেদের কাছে। ৭০ মিনিটে রবিনিয়োর ফ্রি কিকে শাফিইর হেড বাইরের জাল কাঁপায়। পরের মিনিটে বারিধারার পাপনের শট সরাসরি জমে যায় গোলকিপার আনিসুর রহমান জিকোর হাতে।
৯০ মিনিটে রবিনিয়োর ফ্রি কিকে বক্সের ভেতরে বল বুক দিয়ে নামিয়ে ঠিকঠাক শট নিতে পারেননি ওবায়দুর রহমান নবাব। কাতার প্রবাসী এই ফরোয়ার্ডের দুর্বল চিপ সহজেই আটকান বলের লাইনে থাকা আজাদ।
ফলে ব্যবধান আর না বাড়লেও এবারের লিগে বসুন্ধরা পায় প্রথম জয়। অন্যদিকে টানা দুই ম্যাচ হারলো বারিধারা।