দুই ম্যাচ নিষিদ্ধ বার্সেলোনার আলভেস

সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন দানি আলভেস। ফলে পরের ম্যাচ এমনিতেই মিস করতেন বার্সেলোনা রাইট ব্যাক। তবে শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন ব্রাজিলিয়ান তারকা। লা লিগায় এস্পানিওলের বিপক্ষে কাতালান ডার্বির সঙ্গে আলভেস খেলতে পারবেন না ভ্যালেন্সিয়ার বিপক্ষেও।

গত সপ্তাহান্তে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে গুরুত্বপুর্ণ ম্যাচে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন আলভেস। আতলেতিকো মিডফিল্ডার ইয়ানিক কারাসকোকে বাজেভাবে ফাউল করেন তিনি। পরে রেফারি ভিএআরের সাহায্য নিয়ে তাকে লাল কার্ড দেখান। তারই শাস্তি হিসেবে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন এই অভিজ্ঞ রাইট ব্যাক।

দুই ম্যাচ নিষিদ্ধ হলেও আলভেস আসলে খেলতে পারবেন না অন্তত ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত। ভিয়ারিয়ালের বিপক্ষে লিগ ম্যাচ দিয়ে ফিরতে পারবেন ‍তিনি। ইউরোপা লিগে তাকে নিবন্ধন করেনি বার্সেলোনা। ফলে ইউরোপিয়ান প্রতিযোগিতাটিতে নাপোলির বিপক্ষে এ সপ্তাহের ম্যাচ ও ফিরতি লেগে খেলতে পারবেন না তিনি। সব মিলিয়ে আসলে বার্সেলোনাকে আলভেসকে ছাড়া খেলতে হবে চার ম্যাচ।

ব্রাজিলিয়ান তারকার সঙ্গে দুই ম্যাচ নিষিদ্ধ হয়েছেন কোচ জাভির ভাই অস্কার হের্নান্দেস। বার্সেলোনায় জাভির সহকারী হিসেবে কাজ করা অস্কার শাস্তি পেয়েছেন রেফারির সিদ্ধান্তে বারবার প্রতিবাদ করায়।