প্রিমিয়ার লিগ ফুটবল

রাজশাহী থেকে জিতে ফিরলো চট্টগ্রাম আবাহনী

দুই গোল করে এগিয়ে রইলো চট্টগ্রাম আবাহনী। শেষ দিকে এসে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েও শেষরক্ষা হয়নি নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের। আটকাতে পারেনি মারুফুল হকের দলকে। আজ (শনিবার) প্রিমিয়ার লিগে চট্টগ্রাম আবাহনী ২-১ গোলে স্বাধীনতাকে হারিয়ে জয়ে ফিরেছে। একই দিনে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে একই ব্যবধানে হারিয়ে প্রথম জয় পেয়েছে উত্তর বারিধারা।

রাজশাহীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টানা দ্বিতীয় ড্রয়ের পর চট্টগ্রাম আবাহনী জয় পেয়েছে। ম্যাচ ঘড়ির ২৪ মিনিটে বন্দরনগরীর দলটি এগিয়ে যায় পিটার থ্যাঙ্কগডের সফল স্পট কিকে। ৭১ মিনিটে আফগান মিডফিল্ডার অমিদ পাপালজাই ব্যবধান দ্বিগুণ করে দলের জয় অনেকটাই নিশ্চিত করেন।

তবে ৭৯ মিনিটে জাহিদুল আলমের গোলে ম্যাচে ফেরার উপলক্ষ পায় স্বাধীনতা। তবে শেষরক্ষা করতে পারেনি। দ্বিতীয় হার নিয়ে মাঠ ছাড়ে তারা। উইলিয়াম এনকুলুলেকোর লাল কার্ডে শেষ ৫ মিনিট চট্টগ্রামের দলটিকে ১০ জন নিয়ে খেলতে হয়েছে।

এদিকে গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডয়ামে দ্বিতীয়ার্ধে হয়েছে তিনটি গোল। ৫৮ মিনিটে আরিফ হোসেন উত্তর বারিধারাকে এগিয়ে নেন। ৬৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সুজন বিশ্বাস। শেষ দিকে মুক্তিযোদ্ধার হয়ে ব্যবধান কমান জাপানিজ মিডফিল্ডার সোমা ওতানি।

মুক্তিযোদ্ধা সংসদ চার ম্যাচের সবকটি হেরে ১২ দলের মধ্যে পয়েন্ট টেবিলে তলানিতে আছে। বারিধারার পয়েন্ট ৪। চট্টগ্রাম আবাহনী দ্বিতীয় জয়ে ৮ ও স্বাধীনতা আছে ৪ পয়েন্ট নিয়ে।