নিজেদের মাঠে খেলতে শুরু করেছে বসুন্ধরা কিংস। তবে বসুন্ধরা কিংস অ্যারেনা এখনও আন্তর্জাতিক ম্যাচ খেলার জন্য তৈরি নয়। ফ্লাডলাইটসহ আনুষঙ্গিক কিছু কাজ বাকি আছে। তাই এই মৌসুমের এএফসি কাপের গ্রুপ পর্ব আবাহনী লিমিটেডের ‘হোম ভেন্যু’ সিলেট জেলা স্টেডিয়ামে খেলতে চাইছে বসুন্ধরা।
আগামী ১৮ থেকে ২৪ মে পর্যন্ত গ্রুপ পর্বের খেলা। এই রাউন্ড খেলতে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহযোগিতায় এএফসির কাছে এরই মধ্যে আবেদন করেছে বসুন্ধরা। গতবার এই প্রতিযোগিতাটি তারা খেলেছিল মালদ্বীপে।
এবার বাংলাদেশে খেলতে আসতে যাওয়া দলগুলোর কোনও কোয়ারেন্টিন পর্ব থাকছে না। এখানে এসে করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ ফল থাকলেই মাঠে নেমে যেতে পারবে।
এই গ্রুপে খেলার সম্ভাবনা আছে আবাহনীরও। যদিও এর আগে প্লে অফ পেরোতে হবে মারিও লেমসের দলকে। গ্রুপ পর্বে খেলার সুযোগ হলে তখন লিগে তাদের হোম ভেন্যু সিলেটই হবে ঠিকানা।