বাংলাদেশের বিপক্ষে খেলা শ্রীলঙ্কার ডিফেন্ডারের ‘আত্মহত্যা’

২০১৮ ও ২০২১ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার রক্ষণভাগ সামলানোর দায়িত্বে ছিলেন ডাকসন পুসলাস। মালেতে গত বছরের সাফে লাল কার্ডও দেখেছিলেন। সেই ৩১ বছর বয়সী ফুটবলারের জীবনাবসান হয়েছে! শনিবার রাতে মালদ্বীপের রাজধানী মালের ফ্ল্যাটে মৃত অবস্থায় পাওয়া গেছে।

মালের পত্রিকা সূত্রে জানা গেছে, পুলিশ ফ্ল্যাটে গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পুসলাস আত্মহত্যা করেছেন। মালেতে প্রিমিয়ার লিগে ভ্যালেন্সিয়া ক্লাবে খেলছিলেন এই ডিফেন্ডার। আজ দলের খেলা থাকলেও খেলেননি।

তার এমন অস্বাভাবিক মৃত্যুর খবর শুনে হতবাক শ্রীলঙ্কার সাবেক কোচ পাকির আলী। কলম্বো থেকে বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘ও কেন আত্মহত্যা করেছে বুঝতে পারছি না। ভালো ফুটবলার ছিল। দুটি সাফে বাংলাদেশের বিপক্ষে খেলেছে। ২০১৮ সালে ঢাকাতেও আমার অধীনে খেলেছে।’

২০২১ সালে সাফে মালদ্বীপের কোচের দায়িত্ব পালন করা আলী সুজেইন দিলেন অন্য তথ্য। মালে থেকে বলেছেন,‘শুনেছি পুসলাসের স্ত্রীর সঙ্গে ঝামেলা চলছিল। পারিবারিক সমস্যাও ছিল। ওর স্ত্রী ফোনে সতীর্থ এক ফুটবলারকে তার রুমে গিয়ে খোঁজ নিতে বলে। ওই ফুটবলারই পুসলাসকে মৃত অবস্থায় দেখেছে। এমনটাই জেনেছি। আমরা ওর মৃত্যুর খবরে অনেক অবাক হয়েছি। এটা অনেক দুঃখের খবরও।’

শ্রীলঙ্কা জাতীয় দলের হয়ে ১৪ ম্যাচ খেলা পুসলাসের মৃত্যুতে লঙ্কান ফেডারেশন ও তার ক্লাব ভ্যালেন্সিয়া শোক প্রকাশ করেছে।