ব্রাজিল ফিরে যাচ্ছেন তিনি সুখস্মৃতি নিয়ে

২০২০ সালে বসুন্ধরা কিংসে যোগ দিয়ে সুনাম কুড়াতে থাকেন ব্রাজিলিয়ান জোনাথন ফের্নান্দেজ। প্রায় প্রতি ম্যাচেই মাঝমাঠের দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন। ব্রাজিলিয়ান সতীর্থ ফরোয়ার্ড রবিনিয়োর সঙ্গে তার রসায়নও দেখার মতো। দলও পেয়েছে একের পর এক সাফল্য।

কিন্তু দুর্ভাগ্য ফের্নান্দেজের! গত স্বাধীনতা কাপে পুলিশ এফসির বিপক্ষে সেমিফাইনালে বাঁ পায়ের পেশিতে চোট পেয়ে সেই যে মাঠ ছাড়লেন, এরপর আর ফেরা হলো না তার। অনেকদিন অপেক্ষার পর চোট নিয়ে আগামীকাল (মঙ্গলবার) দেশে ফিরে যেতে হচ্ছে।

২৭ বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য অবশ্য অপেক্ষা করেছিল কিংস। কিন্তু এই মৌসুমে সেরে ওঠার সম্ভাবনা সেভাবেনা থাকায় সম্পর্ক ছিন্ন করতে হলো। এজন্য কমলাপুরের টার্ফকে দোষারোপ করছেন ফের্নান্দেজ, ‘টার্ফের কারণে আমার এই ইনজুরি হয়েছে। ওখানকার মাঠ ভালো নয়, কোনও খেলোয়াড়ের জন্যই কমলাপুরের টার্ফ ভালো নয়। কিন্তু এখন আর এসব নিয়ে ভাবছি না। ভাবনা শুধু দ্রুত রিকভারি নিয়ে। দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যেতে হবে।’

গত লিগে বসুন্ধরার হয়ে ২২ ম্যাচে ৭ গোল করেছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। স্বাধীনতা কাপে করেন ৩ গোল। এএফসি কাপেও গোল আছে একটি। এখন দেশে ফিরে গেলেও আবারও বাংলাদেশে ফেরার প্রত্যয় তার কণ্ঠে, ‘বাংলাদেশ আমার দ্বিতীয় বাড়ি। আশা করি দ্রুতই এখানে ফিরে আসবো। আবারও কিংসের হয়ে খেলবো। বেশ কিছু সুখের স্মৃতি নিয়ে আমি ব্রাজিলে ফিরে যাচ্ছি। কিংসের হয়ে যে শিরোপাগুলো জিতেছি, যত ম্যাচ খেলেছি, সেগুলো অবশ্যই আমার জন্য বিশেষ স্মৃতি।’

বিদায়বেলায় বসুন্ধরা কিংস অ্যারেনাতে সতীর্থরা তাকে ‘গার্ড অব অনার’ দিয়েছে। এর আগে রবিনিয়ো অধিনায়কত্বের আর্মব্যান্ড খুলে স্বদেশির হাতে দিয়েছেন। সুস্থ হয়ে সামনে আবারও তাকে পাওয়ার ইচ্ছাটা জানিয়ে রাখলেন যেন সবাই!