লিগ জমিয়ে দিয়েও আত্মবিশ্বাসে ভাটা পড়েনি সিটির

ইংলিশ প্রিমিয়ার লিগটা জমিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। ক্রিস্টাল প্যালেসের সঙ্গে গোলশূন্য ড্র করায় হারিয়েছে দুই পয়েন্ট। তাতে শিরোপা দৌড়ে টিকে থাকার সুযোগ তৈরি হয়েছে পয়েন্ট টেবিলের নিকটতম প্রতিদ্বন্দ্বী লিভারপুলের।

বর্তমানে যে অবস্থা তাতে টেবিলে সিটি আর লিভারপুলের পয়েন্ট ব্যবধান মাত্র ৪। ২৯ ম্যাচে ৭০ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানসিটি। এক ম্যাচ কম খেলা লিভারপুলের সংগ্রহ ৬৬ পয়েন্ট। এখন ১৬ মার্চ আর্সেনালকে হারালে সিটির ঘাড়ে তপ্ত নিঃশ্বাস ফেলবে ইয়ুর্গেন ক্লপের দল। পয়েন্ট ব্যবধান দাঁড়াবে মাত্র এক। কিন্তু ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার বের্নার্দো সিলভা এখনও নিজেদের সেরা অবস্থানেই দেখছেন। এটাও পরিষ্কার যে তাদের আত্মবিশ্বাসে ভাটা পড়েনি, ‘এখনও ৯ ম্যাচ বাকি। কিন্তু লিভারপুলের চেয়ে বলতেই পারি আমরা এখনও ভালো অবস্থানে আছি। তার ওপর ওদেরও আমাদের মাঠে খেলতে হবে। আশা করছি সেটা হবে রোমাঞ্চকর।’

অথচ প্রথমার্ধে আধিপত্য ছিল সিটির। বল দখলে পেপ গার্দিওলার দল এগিয়ে থাকলেও প্যালেস ভালো মতোই তাদের ডিফেন্ড করেছে। ঘণ্টা খানেকের মাথায় সিটি গোলের সুযোগ তৈরি করলেও ভাগ্য সহায় ছিল না। কেভিন ডি ব্রুইনার শট গিয়ে আঘাত করেছে পোস্টে। রিয়াদ মাহরেজের ফিরতি শটও দারুণ সেভে রক্ষা করেন প্যালেস গোলকিপার।  টানা চাপ সৃষ্টির মুহূর্তে ৭১ মিনিটে গোলের সুবর্ণ সুযোগ তৈরি করেছিলেন জ্যাক গ্রিয়েলিশও। কিন্তু গোল মুখে সেটি কাজে লাগাতে পারেননি বের্নার্দো সিলভা।  ম্যাচের পর সিলভা তাই হতাশাই প্রকাশ করলেন এভাবে, ‘আমরা স্কোর করতে পারিনি। তবে স্কোর করা উচিত ছিল।’

ড্রয়ের পর সিটি কোচ পেপ গার্দিওলাও প্রশংসা করেছেন শিষ্যদের, ‘আজকে যে টিমটা খেলেছে, তারা আগেও ছিল। পরের ম্যাচে তারাই খেলবে। ওরা যেভাবে খেলেছে, তাতে আমি সন্তুষ্ট।’