আর কিছুক্ষণ পরই রাত ১০টায় মালদ্বীপের বিপক্ষে ফিফা প্রীতি ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। নতুন স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরারও প্রথম পরীক্ষা আজ। দলে বাংলাদেশ কোচ অভিজ্ঞদেরই বেশি সুযোগ দিয়েছেন। আগে যারা নিয়মিত খেলেছেন, একাদশে খেলাচ্ছেন তাদেরই।
কাবরেরা সম্ভবত দলকে ৪-৪-২ ছকে খেলাতে চাইছেন। তেকাঠির নিচে যথারীতি আনিসুর রহমান জিকোই ভরসা। লেফট ব্যাকে তরুণ ইয়াসিন আরাফাত। মাঝে টুটুল হোসেন হোসেন বাদশার সঙ্গে আছে তারিক কাজী। ডানে বিশ্বনাথ ঘোষ অতন্দ্র প্রহরী। তবে তারিক ও বিশ্বনাথের মধ্যে পজিশন বদলেও যেতে পারে।
মধ্যমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার সঙ্গে বিপলু আহমেদ, সোহেল রানা ও মোহাম্মদ ইব্রাহিম আছেন। রাকিব হোসেন ও সুমন রেজা খেলবেন তাদের সামনে।
ফিফা র্যাঙ্কিংয়ে ২৯ ধাপ এগিয়ে থাকা মালদ্বীপের বিপক্ষে তাদের মাঠে জয়ের রেকর্ড নেই বললেই চলে। এবার কি সেই ভাগ্য বদলাতে পারবে কাবরেরার বাংলাদেশ? উত্তর মিলবে আজ রাতেই।