বসুন্ধরা কিংসের বিপক্ষে এগিয়ে ছিল আবাহনী লিমিটেড। ১০ জনের বিপক্ষে আধিপত্যও ছিল। কিন্তু বিরতির আগ মুহূর্তে রাকিব হোসেনের লাল কার্ড ম্যাচের চিত্র পাল্টে দেয়। দুই দলই একজন কম নিয়ে খেলতে থাকে। একপর্যায়ে জয়ের সম্ভাবনা জাগিয়েও আবাহনী ২-২ গোলে ড্র করে লিগ শিরোপা দৌড় থেকে পিছিয়ে পড়েছে। এমন অবস্থায় অনুশোচনায় পুড়ছেন রাকিব।
বিরতির আগে আবাহনী ১-০ গোলে এগিয়ে ছিল। বসুন্ধরা তখন ১০ জনের দল নিয়ে খেলছিল। ঠিক সেসময় ডিফেন্ডার রিমন হোসেনকে আঘাত করে লাল কার্ড দেখেন রাকিব। সেই সময়ের চিত্র তুলে ধরে বরিশাল থেকে উঠে আসা এই ফরোয়ার্ড বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আসলে এভাবে লাল কার্ড পাবো, চিন্তাও করিনি। রিমন আমার পায়ে আঘাত দেওয়ার পর আমার হাতও উঠে যায়। তাও অনিচ্ছাকৃত। তবে রেফারি লাল কার্ড না দেখালেও পারতো।’
ভবিষ্যতে এমন ‘অনিচ্ছাকৃত ভুল’ আর করতে চান না রাকিব। ভুল শুধরে এগিয়ে যাওয়ার প্রত্যাশা তার, ‘আমার লাল কার্ড না হলে হয়তো দল শেষ পর্যন্ত ৩ পয়েন্ট পেতে পারতো। কিন্তু তা হলো কই! এরপর আর কোনও ম্যাচে এমন ভুল করতে চাই না। এর থেকে শিক্ষা নিয়ে সামনে খেলতে চাই। সত্যি বলতে, জিনেদিন জিদানের মতো বড় তারকাও বিশ্বকাপের ফাইনাল ম্যাচে লাল কার্ড দেখেছিল। ম্যাচে অনিচ্ছা সত্ত্বেও অনেক সময় অনেক কিছু হয়ে যায়।’
বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা থেকে ৬ পয়েন্ট দূরে থেকেও শিরোপার স্বপ্ন দেখছে আবাহনী। রাকিবও চাইছেন দলকে এগিয়ে নিতে, ‘সামনে অনেক ম্যাচ রয়েছে। মাঠে খেলেই দলকে এগিয়ে নিতে চাই। আমি মনে করি, ইতিবাচক খেলতে পারলে লিগ শিরোপা জয় এখনও সম্ভব।’