ফিফার নিষেধাজ্ঞা: আপিল প্রত্যাহার করেছে রাশিয়া

ইউক্রেন আগ্রাসনের পর ক্রীড়াঙ্গনে শাস্তির মুখে পড়তে হয় রাশিয়াকে। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল বিশ্বকাপ বাছাইয়ে নিষেধাজ্ঞা। রাশিয়ার ফুটবল ইউনিয়ন অবশ্য ফিফার এই শাস্তির বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রীড়া আদলতে আপিল করেছিল। সেই আপিল প্রত্যাহার করে নিয়েছে রাশিয়ার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা।

আপিল প্রত্যাহারের খবরটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রীড়া আদালত সিএএস। কাতার বিশ্বকাপে খেলতে বাছাইয়ে পোল্যান্ডের সঙ্গে প্লে-অফ খেলার কথা ছিল রাশিয়ার। কিন্তু দেশটিকে নিষিদ্ধ করার ফলে বাই পেয়ে পোল্যান্ড প্লে-অফ ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। সেখানে তাদের প্রতিপক্ষ ছিল সুইডেন। প্লে-অফ ফাইনাল জিতে এরই মধ্যে পোল্যান্ড বিশ্বকাপও নিশ্চিত করে ফেলেছে।

অবশ্য ফিফার বিরুদ্ধে লড়াইয়ের ইতি টানলেও অন্যান্য লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া। এরমধ্যে রয়েছে রাশিয়ান ক্লাবগুলোর ইউরোপিয়ান টুর্নামেন্টে খেলার নিষেধাজ্ঞা। উয়েফার এমন সিদ্ধান্তে ইউরোপা লিগে খেলার যোগ্যতা হারায় স্পার্তাক মস্কো। উয়েফা রাশিয়ার নারী ফুটবল দলের ওপরেও নিষেধাজ্ঞা জারি করেছে। যার ফলে তারা ইউরোর টুর্নামেন্ট খেলার যোগ্যতা হারিয়েছে।

ইউক্রেন আগ্রাসনে ইউরোপীয় দেশগুলো ক্ষুব্ধ হওয়ায় রাশিয়া থেকে সরিয়ে নেওয়া হয়েছে চ্যাম্পিয়নস লিগের ফাইনালটিও। ২৮ মে শিরোপা নির্ধারণী ফাইনালটি সেন্ট পিটার্সবার্গে হওয়ার কথা ছিল। এখন সেটি প্যারিসে অনুষ্ঠিত হবে। 

এছাড়া অন্যান্য ক্রীড়া যেমন জিমন্যাস্টিকস, রাগবি, রোয়িং ও স্কেটিংয়ের ওপরেও নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করে রেখেছে রাশিয়া।