ম্যারাডোনার ঐতিহাসিক জার্সি বিক্রি হতে পারে ৫২ লাখ ডলারে

ইংল্যান্ডের মানুষ এখনও ভুলতে পারেনি। অনেকবারই তারা বলেছে, ডিয়েগো ম্যারাডোনার ক্ষমা চাওয়া উচিত। ১৯৮৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে এই ইংলিশদের বিপক্ষেই যে আলোচিত-সমালোচিত এক গোল করেছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি। ‘হ্যান্ড অব গড’ নামে পরিচিত সেই গোল শুধু ইংল্যান্ড কেন, ফুটবল বিশ্বেই বেঁচে থাকবে যুগযুগান্তর!

হঠাৎ ঐতিহাসিক সেই গোলটির প্রসঙ্গ আসছে এই কারণে যে, ইংল্যান্ডের বিপক্ষে ওই ম্যাচে যে জার্সি পরে খেলেছিলেন ম্যারাডোনা, সেটি নিলামে উঠতে যাচ্ছে। ধারণা করা হচ্ছে জার্সিটি বিক্রি হবে ৫২ লাখ ডলারে। নিলামকারী প্রতিষ্ঠান সাদারবিস জানিয়েছে, ২০ এপ্রিল থেকে অনলাইনে শুরু হবে জার্সির নিলাম, বিডিং চলবে ৪ মে পর্যন্ত। এই সময়কালে ঐতিহাসিক জার্সিটি প্রদর্শন করা হবে নিলাম প্রতিষ্ঠানটির লন্ডন শোরুমে।

ম্যারাডোরার ঐতিহাসিক জার্সিটি এত দামে বিক্রির প্রত্যাশা করাটা মোটেও অস্বাভাবিক নয়। কারণ সেখানে লেগে আছে ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দুটি মুহূর্ত। শুধু ‘হ্যান্ড অব গড’ তো নয়, ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে আরেকটি অবিশ্বাস্য গোলের জন্ম দিয়েছিলেন ম্যারাডোনা। লাফিয়ে উঠে হাতের ফ্লিকে ইংলিশ গোলকিপার পিটার শিলটনের মাথার ওপর দিয়ে বল জালে জড়ানোর কয়েক মিনিট পরই ইংল্যান্ডের ছয় খেলোয়াড়কে কাটিয়ে করেছিলেন চোখ ধাঁধানো এক গোল। পরে যেটিতে নাম দেওয়া হয় ‘গোল অব দ্য সেঞ্চুরি’।

যে জার্সি গায়ে এমন কীর্তি, নিলামে সেটির দাম আকাশছোঁয়া হওয়াই স্বাভাবিক। জার্সিটি অবশ্য ম্যারাডোনার সংরক্ষণে ছিল না। কারণ বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালের ম্যাচটি আর্জেন্টিনা ২-১ গোলে জেতার পর ইংল্যান্ড মিডফিল্ডার স্টিভ হজ জার্সি অদলবদল করেছিলেন আর্জেন্টাইন ফুটবল ঈশ্বরের সঙ্গে। গত ২০ বছর ঐতিহাসিক জার্সিটি ধারে রাখা হয়েছে ম্যানচেস্টারে ইংল্যান্ডের জাতীয় জাদুঘরে।

২০২০ সালের নভেম্বরে মারা গেছেন ম্যারাডোনা। তার মৃত্যুর পর ঐতিহাসিক ওই জার্সি বিক্রির কথা উঠেছিল। যদিও হজ সাফ জানিয়ে দিয়েছিলেন, এই জার্সি বিক্রির জন্য নয়। তবে মত পাল্টে ম্যারাডোনার জার্সি নিলামে তুলতে যাচ্ছেন তিনি।