আরেক ব্রাজিলিয়ানকে উড়িয়ে আনলো বসুন্ধরা  

জোনাথন ফেরনান্দেজের সঙ্গে রবিনিয়োর জুটিটা বেশ ভালোই জমে উঠেছিল। কিন্তু স্বাধীনতা কাপে লিগামেন্টে আঘাত পাওয়ার জোনাথন পর্বের ইতি ঘটেছে। সেই চোটের পর ব্রাজিলিয়ান মিডফিল্ডার আর মাঠেই ফিরতে পারেননি। শেষ পর্যন্ত দেশে ফিরে যেতে হয়েছে বসুন্ধরার ব্রাজিলিয়ান খেলোয়াড়কে।

তার শূন্যস্থান পূরণে এবার আরেক ব্রাজিলিয়ানকে উড়িয়ে এনেছে বসুন্ধরা কিংস। মিগুয়েল ফিগুয়েইরার সঙ্গে রবিবার চুক্তি সেরে ফেলেছে টিম ম্যানেজমেন্ট। তাকে প্রিমিয়ার লিগের ফিরতি লেগে দেখা যাবে।

ব্রাজিলের মধ্য-পশ্চিম অঞ্চলের অন্যতম সেরা দল গোয়াইসের হয়ে তিন বছর খেলেছেন ফিগুয়েইরা। ৪১ ম্যাচে ৪ গোল করেছেন। এবার ২১ বছর বয়সী এই মিডফিল্ডার নিজের ছন্দ দেখাতে বসুন্ধরাকে বেছে নিয়েছেন।

ঢাকার দলটিতে যোগ দিয়ে ফিগুয়েইরা সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘আমি এখানে শিরোপা জিততে এসেছি। দুটি শিরোপা (লিগ ও এএফসি কাপ) জিততেই আশাবাদী। আশা করি, ক্লাবকে দুটি শিরোপা জিততে সাহায্য করতে পারবো।’