১০ জনের মোহামেডানের ড্র, সাইফ দিয়েছে ৬ গোল

৩ পয়েন্টের স্বপ্ন দেখছিল শেখ রাসেল। ম্যাচের ৮৭ মিনিট পর্যন্ত এগিয়েও ছিল জুলফিকার মাহমুদ মিন্টুর দল। কিন্তু শেষ মুহূর্তে এসে ১০ জনের মোহামেডান হার এড়াতে সক্ষম হয়। ম্যাচটি ১-১ গোলের ড্রতে শেষ হয়েছে। দিনের অন্য ম্যাচে গোল উৎসব করেছে সাইফ স্পোর্টিং। ৬-১ গোলে তারা উড়িয়ে দিয়েছে পুলিশ এফসিকে। অন্যদিকে চট্টগ্রাম আবাহনী গোলশূন্য ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে।   

আজ (সোমবার) বসুন্ধরা কিংস অ্যারেনাতে ম্যাচ শুরুর ৫ মিনিটে মোহামেডানে এগিয়ে যেতে পারতো। শাহরিয়ার ইমনের পাসে সোলেমানে দিয়াবাতের শট গোলকিপার প্রতিহত করেন।

শেখ রাসেলও আক্রমণ করেছে। ১৬ মিনিটে হেমন্ত ভিনসেন্টের বক্সের বাইর থেকে নেওয়া জোরালো শট গোলকিপার সুজন ফিস্ট করে ফেরান। ২২ মিনিটে আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাদের। চার্লস দিদিয়েরের নিখুঁত পাস থেকে মোহাম্মদ জুয়েল পোস্টের কাছ থেকে গোলকিপারের পাশ দিয়ে লক্ষ্যভেদ করলে ১-০ গোলে এগিয়ে যায় শেখ রাসেল।

দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে হেমন্তের শট পোস্টের নিচে লেগে ফিরে আসলে ব্যবধান বাড়ানো যায়নি। শেষের দিকে এসে মোহামেডানের গোলকিপার সুজন লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যান। তারপরও ১০ জনের দল নিয়ে ঢাকার ঐতিহ্যবাহী ক্লাবটি ৮৮ মিনিটে হার এড়ায় জাফর ইকবালের লক্ষ্যভেদে।

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে পুলিশ এফসিকে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে সাইফ স্পোর্টিং। আর সিলেট জেলা স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে রহমতগঞ্জ।

এই ড্রয়ে শিরোপা লড়াই থেকে আরও পিছিয়ে পড়লো চট্টগ্রাম আবাহনী। ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে তারা আছে চতুর্থ স্থানে। ১৮ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে সাইফ স্পোর্টিং। মোহামেডান ১৮ পয়েন্ট নিয়ে ষষ্ঠ ও শেখ রাসেল ১১ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে।