আগামী ১৮ থেকে ২৪ মে ভারতের কলকাতায় হবে এএফসি কাপের ‘ডি’ গ্রুপের ম্যাচ। সেখানে অংশ নিচ্ছে বসুন্ধরা কিংস। বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নদের হয়ে প্রথমবারের মতো বাংলাদেশি হিসেবে এএফসি কাপ খেলবেন নাইজেরিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড এলিটা কিংসলে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।
গত বছরের মার্চে বাংলাদেশের নাগরিকত্ব পেলেও ফিফা ও এএফসি থেকে ছাড়পত্র না মেলায় আন্তর্জাতিক ম্যাচ খেলা হচ্ছিল না কিংসলের। অবশেষে এএফসি থেকে মিলেছে ছাড়পত্র।
তবে ক্লাব পর্যায়ে কিংসলে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারলেও বাংলাদেশ দলে খেলতে পারবেন কিনা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
বাফুফে সাধারণ সম্পাদক সোহাগ সংবাদমাধ্যমকে বলেছেন, ‘এএফসি থেকে জানানো হয়েছে কিংসলে এএফসি কাপে খেলতে পারবে। তবে বাংলাদেশ দলের হয়ে খেলা নিয়ে এখনও কিছু সমস্যা আছে। বাফুফের সভাতে এ নিয়ে আলোচনা হবে।’
এএফসি কাপে আগামী ১৮ মে মালদ্বীপের ক্লাব মাজিয়া স্পোর্টসের বিপক্ষে মাঠে নামবে বসুন্ধরা কিংস। তাদের দ্বিতীয় ম্যাচ ২১ মে, মুখোমুখি হবে এটিকে মোহনবাগানের। শেষ ম্যাচ ২৪ মে, প্রতিপক্ষ ভারতের গোকুলাম কেরালা এফসি।