জিনেদিন জিদান কোচ হওয়ার পর সর্বশেষ ৪ ম্যাচে তিনটি জয়, একটি ড্র। এতেও রিয়াল মাদ্রিদে জিদান যুগের শুরুর গুরুত্বটা বোঝা যাচ্ছে না। প্রতিপক্ষ দলগুলোর জন্য আতঙ্ক ছড়ানোর মতো বিষয় হলো এই চার ম্যাচে ১৭টি গোল করেছে রিয়াল।
জিদান দায়িত্ব নেওয়ার পর প্রথম ৩ ম্যাচে ১১ গোল করা রিয়াল জ্বলে উঠল কালও রবিবার এসপানিওলের বিপক্ষেও। এদিন এসপানিওলের জালে ৬ বার বল জড়িয়েছে রিয়াল। এ নিয়ে জিদান যুগের শুরুতে চার ম্যাচে প্রতিপক্ষের জালে ১৭ বার বল জড়িয়ে গোল উৎসব করেছেন রোনালদা-বেল-বেনজেমারা।
রবিবার রাতে এসপানিওলকে পেয়ে আবারও জ্বলে উঠলেন রোনালদো। এই দলটির বিপক্ষে প্রথম লেগে তিনি একাই করেছিলেন ৫ গোল। এদিন করলেন দারুণ এক হ্যাটট্রিক। দুই লেগ মিলিয়ে এসপানিওলের বিপক্ষে রোনালদো মোট ৮ গোল করেছেন। যেখানে এ মৌসুমে সব ধরণের প্রতিযোগিতায় তার গোলসংখ্যা ৩০।
রবিবার রাতে সিআর সেভেনের হ্যাটট্রিকের পাশাপাশি গোল পেয়েছেন করিম বেনজেমা আর হামেস রদ্রিগেজ। অন্যটি ছিল দিশেহারা এসপানিওলের আত্মঘাতী গোল।
বিশাল ব্যবধানের এই জয়ের পর ২২ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৪৭। সমান ম্যাচে এক পয়েন্ট বেশি নিয়ে দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকো মাদ্রিদ। শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫১। এক ম্যাচ কম খেলেছে লুইস এনরিকের দল।
/এমআর/