প্রায় এক দশকেরও বেশি সময় পর ইন্দোনেশিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। প্রীতি ম্যাচে জামালদের পারফরম্যান্সও মন্দ ছিল না। গোল শুন্য ড্র নিয়ে মাঠ ছেড়েছে। অতীত ইতিহাস বিবেচনায় নিলে এই ড্রটা ছিল জয়ের সমান। তাই উজ্জীবিত থেকেই বাংলাদেশ এখন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। এমন নৈপুণ্যের পর সেখানে জামালদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেছেন স্থানীয় বাংলাদেশি প্রবাসীরা।
মালয়েশিয়ায় অনুষ্ঠিত হবে এশিয়ান কাপ বাছাইয়ের ফুটবল। মূল লড়াইয়ের আগে প্রীতি ম্যাচের প্রস্তুতি ভালোই কাজে দিয়েছে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে পাঠানো ভিডিও বার্তায় দলের সবার সুস্থ থাকার কথা জানিয়েছেন ম্যানেজার ইকবাল হোসেন। এদিকে আক্রমণভাগের শক্তি বাড়াতে মাহবুবুর রহমান সুফিল কাল শুকবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন।
ইকবাল হোসেন বলেছেন, ‘ইন্দোনেশিয়া থেকে আজ আমরা মালয়েশিয়া পৌঁছেছি। এখন পর্যন্ত খেলোয়াড়, কোচ, কর্মকর্তা-দলের সবাই সুস্থ আছেন। ইনশাল্লাহ কাল সকালে মাহবুবুর রহমান সুফিল যোগ দেবে। এদিন আমাদের কোনও অনুশীলন নেই। রিকভারির জন্য জিমনেশিয়াম ও সুইমিং পুলে সময় কাটাবে ছেলেরা।’
এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া, তুর্কমেনিস্তান ও বাহরাইন। ৮, ১১ ও ১৪ জুন তিনটি ম্যাচ খেলবে লাল-সবুজ দল।